×
ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সূচক বাড়ানোর চেষ্টা, নাকি স্বাভাবিক উত্থান—বাজারের চিত্রে সংশয়

২০২৬ নভেম্বর ১৬ ১৫:৫২:১৬
সূচক বাড়ানোর চেষ্টা, নাকি স্বাভাবিক উত্থান—বাজারের চিত্রে সংশয়

নিজস্ব প্রতিবেদক: টানা দুই কর্মদিবস ধরে শেয়ারবাজারে সূচক ও লেনদেনের পরিমাণ বাড়লেও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। সূচকের উত্থানের বিপরীতে বেশিরভাগ শেয়ারের দরপতনের এমন চিত্র বাজারের স্বাভাবিক গতিপ্রকৃতি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। বাজার সংশ্লিষ্টদের অনেকেই মনে করছেন, স্বাভাবিক বিনিয়োগ প্রবণতার মাধ্যমে নয়, বরং কৃত্রিমভাবে সূচক বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

তাদের মতে, সাধারণত সূচক বাড়লে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও বাড়তে দেখা যায়। একইভাবে সূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও বাড়তে বা কমতে পারে। কিন্তু টানা দুই দিন ধরে সূচক ও লেনদেন বাড়ার বিপরীতে অধিকাংশ প্রতিষ্ঠানের দর কমার ঘটনা অস্বাভাবিক। এতে বিনিয়োগকারীদের মধ্যে বাজারের প্রকৃত অবস্থা ও সূচকের উত্থান নিয়ে সংশয় তৈরি হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা আরও জানান, সাম্প্রতিক সময়ে বাজারের লেনদেন শুরুর দিকে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও মধ্যাহ্নের পর তা নিম্নমুখী হয়ে পড়ে। পরবর্তী সময়ে আবার ঘুরে দাঁড়ালেও দিনের শুরুর অবস্থানে ফিরতে পারছে না। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে, বাজারকে জোরপূর্বক ঊর্ধ্বমুখী রাখার চেষ্টা চলছে।

তাদের ভাষ্য, পরপর দুই কর্মদিবসে একই ধরনের অস্বাভাবিক প্রবণতা দেখা গেলে বিনিয়োগকারীদের মনে প্রশ্ন তৈরি হওয়াই স্বাভাবিক। বাজারে এখনো একটি চক্র কারসাজির মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিলে সক্রিয় রয়েছে, এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। এই চক্রের তৎপরতা বন্ধ করা না গেলে শেয়ারবাজার কখনোই স্বাভাবিক ধারায় ফিরতে পারবে না। এজন্য বাজার পর্যবেক্ষণ ও নজরদারি জোরদার করে কারসাজির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে হবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে বাজারে স্থিতিশীলতা ফিরে আসতে পারে বলে মনে করছেন তারা।

এদিকে, আজ (১৬ নভেম্বর) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে। তবে দিনশেষে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬৩ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮ দশমিক ৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৬৮ পয়েন্ট কমে ২ হাজার ৭৫ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করছে।

দিনটিতে ডিএসইতে মোট ৩৭৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১৮টির শেয়ারদর বেড়েছে, ২০২টির কমেছে এবং ৫৮টির দর অপরিবর্তিত ছিল।

এদিন ডিএসইতে মোট ৭৯৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৭৩৯ কোটি ২৩ লাখ টাকা। সেই হিসাবে এক দিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৯ কোটি ৫০ লাখ টাকা।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৩ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন এই বাজারে লেনদেনের পরিমাণ ছিল ১১ কোটি ৮ লাখ টাকা।

আজ সিএসইতে মোট ১৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৬টির দর বেড়েছে, ৭২টির কমেছে এবং ১৮টির দর অপরিবর্তিত রয়েছে।

দিনশেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৫০ দশমিক ৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কর্মদিবসে সূচকটি ৪০ দশমিক ৭০ পয়েন্ট বেড়েছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে