×
ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

স্কুল-কলেজে বছরজুড়ে ১০ খেলাধুলার নির্দেশ, তালিকায় যা যা

২০২৬ নভেম্বর ১৬ ০৯:৫৬:১৮
স্কুল-কলেজে বছরজুড়ে ১০ খেলাধুলার নির্দেশ, তালিকায় যা যা

নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে সারা বছর নিয়মিত খেলাধুলার আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বার্ষিক অ্যাকাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের জন্য ফুটবল, ক্রিকেট, দাবা, সাঁতারসহ ১০টি খেলায় অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে। চাইলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তালিকার বাইরের খেলাও আয়োজন করতে পারবে।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে খেলাধুলার কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বার্ষিক অ্যাকাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে নিয়মিত ক্রীড়া আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।

রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত নির্দেশনায় শিক্ষার্থীদের ১০টি খেলায় অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে। খেলাগুলো হলো—ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডি। এ তালিকার বাইরেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজেদের সক্ষমতা ও সুযোগ-সুবিধা অনুযায়ী অন্যান্য খেলাধুলার আয়োজন করতে পারবে।

নথিপত্র অনুযায়ী, গত ৮ অক্টোবর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধানমন্ত্রী তারেক রহমানকে আধা-সরকারি পত্র পাঠিয়ে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে খেলাধুলা চালুর প্রস্তাব দেন।

ওই চিঠিতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি তৈরি এবং মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন প্রতিমন্ত্রী। উদাহরণ হিসেবে সিঙ্গাপুরের কথা উল্লেখ করে তিনি জানান, দেশটিতে শিক্ষাবর্ষের সঙ্গে সমন্বয় করে সারা বছর খেলাধুলা ও ফিটনেস মূল্যায়নের ব্যবস্থা রয়েছে।

প্রস্তাবে আরও বলা হয়, নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার সুযোগ তৈরি হতে পারে। এ উদ্যোগের পক্ষে সরকারের নির্বাচনী ইশতেহারের ২৫ নম্বর দফায় ক্রীড়া শিক্ষা ও খেলাধুলার প্রসারের প্রতিশ্রুতির বিষয়টিও তুলে ধরেন প্রতিমন্ত্রী। পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি-৪) বিষয়টি উল্লেখ করা হয়।

প্রস্তাবটি বাস্তবায়নের জন্য গত ১৭ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে ৫ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাউশিকে নির্দেশ দেয়।

এর ধারাবাহিকতায় মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে দেশের সব আঞ্চলিক পরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তাদের বার্ষিক অ্যাকাডেমিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে