×
ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

নেতানিয়াহুর বিরুদ্ধে এবার ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী

২০২৬ নভেম্বর ১৪ ১১:৩১:০৯
নেতানিয়াহুর বিরুদ্ধে এবার ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশটির আরব নাগরিকদের লক্ষ্য করে বর্ণবাদী ও উসকানিমূলক প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইজেনকট। তিনি বলেছেন, রাজনৈতিক স্বার্থে একটি জনগোষ্ঠীকে কোণঠাসা করা এবং তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো রাষ্ট্রের স্বার্থবিরোধী।

শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব কথা বলেন আইজেনকট। সম্প্রতি ইসরাইলের নির্বাচনী প্রচারণায় আরব নাগরিকদের লক্ষ্য করে নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন তিনি।

আইজেনকট বলেন, ইসরাইলের মোট জনসংখ্যার প্রায় ২১ শতাংশ আরব নাগরিক। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠরা রাজনৈতিক স্বার্থে এসব নাগরিকের বৈধতা প্রশ্নবিদ্ধ করতে বর্ণবাদী ও সহিংস প্রচারণা চালিয়ে আসছেন।

তিনি আরও বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী শুধু নিজের সমর্থকদের নন, দেশের সব নাগরিকের প্রধানমন্ত্রী। যারা তাকে ভোট দেননি, তারাও এর বাইরে নন। আরব নাগরিকেরা ইসরাইলের সমাজ ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। একটি জনগোষ্ঠীকে প্রান্তিক করে দেওয়া কিংবা সামগ্রিকভাবে তাদের হেয় করার চেষ্টা রাষ্ট্রের স্বার্থবিরোধী।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে আইজেনকটের নেতৃত্বাধীন চার দলের জোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থি ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন কোনো পক্ষই নিশ্চিত করতে পারেনি।

এ নির্বাচনে ফিলিস্তিনি বংশোদ্ভূত নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে। ফলে সরকার গঠনের সমীকরণে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

নির্বাচনের পর আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তোলেন নেতানিয়াহু। তবে ইসরাইলের নির্বাচন কর্তৃপক্ষ এসব অভিযোগ নাকচ করে দিয়েছে।

এ ছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলার পর হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগেও আরব দলগুলোর সমালোচনা করেছেন নেতানিয়াহু। যদিও দলগুলোর নেতারা ওই হামলার নিন্দা জানিয়েছিলেন।

আইজেনকট বলেন, আরব দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। এমনকি তাদের কারও কারও প্রতি তীব্র বিরূপ মনোভাবও থাকতে পারে। কিন্তু রাজনৈতিক মতপার্থক্যের কারণে একটি পুরো জনগোষ্ঠীকে অপবাদ দেওয়ার সুযোগ নেই। এ ধরনের প্রচেষ্টা তিনি মেনে নেবেন না।

তবে আরব দলগুলোর সমর্থন পেলেও তাদের নিয়ে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন আইজেনকট। ওই দলগুলোর ১৯টি আসনসহ তার জোটের আসনসংখ্যা দাঁড়াত ৬৭। কিন্তু আরব দলগুলোকে সরকারে না নিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে অতি-রক্ষণশীল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাস দলের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন তিনি। এ দুই দলের সমর্থন পেলে তার জোটের আসনসংখ্যা ৬১ হবে।

গত ৮ নভেম্বর ইসরাইলের প্রেসিডেন্ট আইজাক হারজগ সরকার গঠনের দায়িত্ব দেন আইজেনকটকে। নতুন সরকার গঠনের জন্য তার হাতে ছয় সপ্তাহ সময় রয়েছে। যত দ্রুত সম্ভব এ প্রক্রিয়া সম্পন্ন করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

এদিকে রাজনৈতিকভাবে চাপে থাকা নেতানিয়াহু ইরানে নতুন করে সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র, ইসরাইলের সামরিক বাহিনীর সংশ্লিষ্ট মহল এবং আইজেনকট—কেউই এ মুহূর্তে নতুন করে সংঘাত বাড়ানোর পক্ষে নন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।আইজেনকট সতর্ক করে বলেছেন, গুরুতর প্রয়োজন ছাড়া ইরানকে ঘিরে নতুন কোনো সামরিক উত্তেজনা তৈরি করা উচিত হবে না।

এম.বি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে