×
ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মিলছে টানা ছুটি, শিক্ষার্থীদের জন্য সুখবর

২০২৬ নভেম্বর ১২ ০৯:৫৩:০৬
মিলছে টানা ছুটি, শিক্ষার্থীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে টানা ছুটি পেতে যাচ্ছেন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ১২ দিন, মাদ্রাসায় ১৫ দিন এবং কলেজে সর্বোচ্চ ১৮ দিন ছুটি থাকবে।

চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন অনুযায়ী ছুটির মেয়াদে পার্থক্য রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন। অন্যদিকে, মাদ্রাসায় মোট ১৫ দিন এবং সরকারি ও বেসরকারি কলেজে সর্বোচ্চ ১৮ দিন ছুটি থাকবে। এ ছুটির মধ্যে শীতকালীন অবকাশের পাশাপাশি সাপ্তাহিক ছুটি ও বড়দিনের ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ শুরু হবে ২০ ডিসেম্বর থেকে। এ দুই স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে শীতকালীন অবকাশের সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা ১৮ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত টানা ১২ দিন ছুটি পাবেন। এ সময়ের মধ্যে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিও রয়েছে।

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের তুলনায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা আরও বেশি দিনের ছুটি পাচ্ছেন। মাউশির প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, সরকারি ও বেসরকারি কলেজে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এরপর ১ ও ২ জানুয়ারি শুক্র ও শনিবার হওয়ায় শীতকালীন অবকাশের সঙ্গে এ ছুটিগুলো যুক্ত হবে। ফলে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ১৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত টানা ১৮ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন।

দেশের সরকারি ও বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় শীতকালীন অবকাশ শুরু হবে ১৩ ডিসেম্বর থেকে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে।

শীতকালীন অবকাশের সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা সব মিলিয়ে টানা ১৫ দিন ছুটি পাবেন।

২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় প্রতিষ্ঠানপ্রধানের জন্য সংরক্ষিত দুই দিনের ছুটিও রাখা হয়েছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান চাইলে এ ছুটি শীতকালীন অবকাশের সঙ্গে সমন্বয় করতে পারবেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা নির্ধারিত ছুটির চেয়ে আরও দুই দিন বেশি ছুটি পাওয়ার সুযোগ পাবেন।

এদিকে, ২০২৭ শিক্ষাবর্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য ছুটির তালিকার খসড়া তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত তালিকা অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষে মোট ৭০ দিন ছুটি থাকতে পারে।

খসড়া তালিকায় পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ২৪ দিন ছুটির প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন এবং শীতকালীন অবকাশে ১১ দিন ছুটি রাখার কথা বলা হয়েছে।

অন্যদিকে, দুর্গাপূজা উপলক্ষে তিন দিন এবং প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত ছুটি হিসেবে আরও দুই দিন রাখার প্রস্তাব রয়েছে। তবে ২০২৭ শিক্ষাবর্ষের ছুটির তালিকাটি এখনো চূড়ান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে