×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ভিডিওবার্তায় ক্ষমা চাইলেন তাশরীফ ও তার বাবা

২০২৬ অক্টোবর ২৯ ১২:২৪:১০
ভিডিওবার্তায় ক্ষমা চাইলেন তাশরীফ ও তার বাবা

নিজস্ব প্রতিবেদক: পারিবারিক বিরোধ ও রাগ-অভিমান ভুলে একসঙ্গে থাকার প্রত্যয় জানিয়েছেন ইসলামি আলোচক ও সংগীতশিল্পী জুবায়ের আহমাদ তাশরীফ এবং তাঁর বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় তাঁরা দুজনই ক্ষমা চেয়েছেন এবং অতীতের বিরোধ পেছনে ফেলে নতুনভাবে সম্পর্ক গড়ে তোলার কথা জানিয়েছেন।

ভিডিওবার্তায় তাশরীফ বলেন, তাঁর বাবা স্বেচ্ছায় তাঁর কাছে এসেছেন। তিনিও বাবার কাছে ক্ষমা চেয়েছেন। পারিবারিক বিষয়গুলো পরিবারেই সমাধান করতে চান তাঁরা।

তাশরীফ বলেন, “পরিবারে কখনো রাগ-অভিমান, কখনো আদর-ভালোবাসা, এসব হয়েই থাকে। আমরা সেগুলো পারিবারিকভাবেই সমাধান করতে চাই সবসময়। আমার বাবা আজকে স্বেচ্ছায় এসেছেন আমার কাছে। আমি আমার বাবার কাছে ক্ষমা চেয়েছি, আশা করি তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন।”

তিনি আরও বলেন, বাবার প্রতি তাঁর কোনো অভিযোগ নেই। বাবারও তাঁর প্রতি কোনো অভিযোগ থাকবে না বলে আশা করেন তিনি। অতীতের ঘটনা পেছনে ফেলে সামনের জীবন সুন্দরভাবে কাটাতে চান তাঁরা। এ নিয়ে কেউ যেন আর অপপ্রচার না চালান, সেই আহ্বানও জানান তাশরীফ।

ভিডিওতে তাশরীফ বলেন, আল্লাহর ইবাদতের পর বাবা-মায়ের খেদমত করা সন্তানের দায়িত্ব। আর্থিক, শারীরিক ও সামাজিকভাবে যেভাবেই সম্ভব, তিনি বাবা-মায়ের সেবা করতে চান।

গত কোরবানির ঈদকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ ও মনোমালিন্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। এখন থেকে নির্দিষ্ট মাস বা টাকার অঙ্কের হিসাব না করে, বাবার যখন যত টাকা প্রয়োজন হবে, তা দেওয়ার ইচ্ছার কথাও জানান।

তাশরীফ বলেন, প্রয়োজন ১০ হাজার টাকা হোক কিংবা ১০ লাখ টাকা—বাবার প্রয়োজনে তিনি পাশে থাকতে চান। তাঁর ভাষ্য, বাবার জন্য নির্দিষ্ট মাস বা টাকার পরিমাণ বেঁধে দেওয়া উচিত নয়।

তবে তাঁদের পরিবারের আশপাশে থাকা কিছু মানুষ একসঙ্গে মিলেমিশে থাকতে দিতে চায় না বলে অভিযোগ করেন তাশরীফ। এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ভিডিওতে তাশরীফের বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহও নিজের আচরণের জন্য অনুতাপ প্রকাশ করেন। তিনি বলেন, অতিরিক্ত রাগের কারণে পরিস্থিতি জটিল হয়েছে। ভিডিওতে এসে ছেলের বিরুদ্ধে কথা বলাও তাঁর ভুল ছিল বলে স্বীকার করেন তিনি।

হেদায়েতুল্লাহ বলেন, কিছু মানুষের প্রলোভনে পড়ে তিনি ভিডিওতে এসে ভুল করেছেন। তাঁদের নাম প্রকাশ করতে চাননি তিনি। নিজের ধৈর্যহীনতার কথাও উল্লেখ করে দেশবাসীর কাছে ক্ষমা চান।

ছেলের প্রশংসা করে তিনি বলেন, আল্লাহ তাঁকে এমন একজন সন্তান দিয়েছেন, যার মূল্য তিনি বুঝতে পারেননি। এ জন্য নিজের ব্যর্থতার কথাও স্বীকার করেন তিনি।

তাশরীফের বাবা আরও বলেন, ভবিষ্যতে যেন আর কখনো ছেলের বিরুদ্ধে কোনো ধরনের কথা না বলেন, সে জন্য তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন। ছেলের আরও উন্নতি ও সফলতাও কামনা করেন।

এর আগে তাশরীফের বিরুদ্ধে অসুস্থ বাবার ভরণপোষণ না দেওয়া ও খোঁজখবর না রাখার অভিযোগ ওঠে। তাঁর বাবা একটি ভিডিও সাক্ষাৎকারে এসব অভিযোগ তোলেন। পরে তাশরীফ নিজের বক্তব্য তুলে ধরেন এবং তাঁর মাও ছেলের পক্ষ নিয়ে ভিডিওবার্তায় কথা বলেন।

তাশরীফের মা দাবি করেছিলেন, তাঁর ছেলে আগে বাবাকে প্রতি মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা দিতেন। সাম্প্রতিক বিরোধের কারণে দুই থেকে তিন মাস টাকা দেওয়া বন্ধ ছিল বলেও জানান তিনি। তবে পারিবারিক বিরোধ নিয়ে তাঁদের বিভিন্ন বক্তব্যের সব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

সর্বশেষ ভিডিওবার্তায় বাবা-ছেলে দুজনেরই ক্ষমা চাওয়া ও সম্পর্ক স্বাভাবিক করার প্রত্যয় প্রকাশের মধ্য দিয়ে বিরোধটি পারিবারিকভাবে মিটিয়ে নেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে