×
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও, ‘পাতানো মামা’ গ্রেপ্তার

২০২৬ অক্টোবর ২৩ ২১:৪১:০৬
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও, ‘পাতানো মামা’ গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে বিয়ের মাত্র ১৯ দিনের মাথায় বিএনপি নেতা সুজন মণ্ডলের স্ত্রী সুমি আক্তারকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে এমদাদুল হক অরচন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরে অরচনের দেওয়া তথ্যের ভিত্তিতে সুমিকেও গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৩ অক্টোবর) তাঁদের গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। মামলার এজাহারে তাঁদের মধ্যে পাতানো মামা-ভাগ্নির সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ১ অক্টোবর সুজন মণ্ডলের সঙ্গে সুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় সুমিকে প্রায় ৬ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা মূল্যের স্বর্ণালংকার উপহার দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সুজনের অভিযোগ, বিয়ের পর থেকে এমদাদুল হক অরচন তাঁর স্ত্রীকে বিভিন্নভাবে প্ররোচিত করে আসছিলেন। গত ২০ অক্টোবর সন্ধ্যায় সুজন বাড়িতে না থাকার সুযোগে অরচন তাঁদের বাড়িতে যান। এ সময় সুমি তাঁর মাকে দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। সুজনের মা তাঁকে বাধা দিলেও তিনি অরচনের সঙ্গে চলে যান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় সুমি স্বর্ণালংকারও নিয়ে গেছেন বলে দাবি করেছেন সুজন।

এজাহারে আরও বলা হয়েছে, পরদিন সুজনের ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজা সুমিদের বাড়িতে গেলে তাঁর মা জানান, সুমি অরচনের সঙ্গে কলেজে ফরম পূরণ করতে গেছেন। পরে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হন সুজন।

পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে অরচনকে আটক করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুমি আক্তারকেও উদ্ধার করা হয়। এ ঘটনায় সুজনের করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার এমদাদুল হক অরচন মেলান্দহ উপজেলার শাহজাদপুর এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি মেলান্দহ পৌরসভায় গাড়িচালক হিসেবে কর্মরত। অন্যদিকে, সুমি আক্তার মেলান্দহ পৌরসভার কামদেববাড়ি এলাকার শাহিন মণ্ডলের মেয়ে। সুজন মণ্ডল ঝাউগড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সুজন মণ্ডল। তিনি বলেন, ‘আমি এই প্রতারকদের কঠিন বিচার চাই। আমার সম্মান যা যাওয়ার, গেছে।’ অরচন পৌরসভায় চাকরি করেন উল্লেখ করে তিনি এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, এমদাদুল হক অরচন ও সুমি আক্তারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে