×
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

এবার ক্ষমা চাইলেন সংসদ সদস্য ও বিএনপি নেতা

২০২৬ অক্টোবর ১৯ ১৭:২৯:৩২
এবার ক্ষমা চাইলেন সংসদ সদস্য ও বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে টেলিভিশন টকশোতে দেওয়া বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা কামরুজ্জামান রতন। সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি নিঃশর্তভাবে ওই মন্তব্য প্রত্যাহারের ঘোষণা দেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে কামরুজ্জামান রতন বলেন, ‘আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না।’ তাঁর এ বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। বিশেষ করে নিহত ব্যক্তিদের স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ মন্তব্য নিয়ে অসন্তোষ দেখা দেয়।

সমালোচনার মুখে দেওয়া বিবৃতিতে কামরুজ্জামান রতন বলেন, টেলিভিশন টকশোতে ঘটনাটি নিয়ে সংকীর্ণভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গিয়ে আবেগের বশে তিনি ওই মন্তব্য করেছিলেন। তবে মন্তব্যটি করা তাঁর ঠিক হয়নি বলে স্বীকার করেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ‘আমার এই মন্তব্যটি করা একেবারেই ঠিক হয়নি এবং আমি তা পূর্ণাঙ্গভাবে প্রত্যাহার করছি। আমার এই মন্তব্যের মাধ্যমে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং আমাদের প্রবাসী ভাইবোনদের মনে যে কষ্ট ও আঘাত দিয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী।’

এমপি কামরুজ্জামান রতন আরও বলেন, মানুষ ভুল করতেই পারে। ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগ মহান আল্লাহর বিশেষ নেয়ামত। নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তিনি আবারও ক্ষমাপ্রার্থনা করেন।

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া মন্তব্যটি নিয়ে বিতর্কের পর তাঁর এ বিবৃতিকে নিজের বক্তব্য সংশোধন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুভূতিতে আঘাত দেওয়ার বিষয়টি স্বীকার করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় তৈরি হওয়া ক্ষোভ ও প্রতিক্রিয়া কীভাবে সামাল দেওয়া হয়, তা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে