×
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে

ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি

২০২৬ অক্টোবর ১৭ ১২:৩৭:২৩
ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গত বৃহস্পতিবার জর্জিটাউন বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক গ্যাস্টন হলে এক বিশেষ সম্মাননা অনুষ্ঠানে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ‘হিলারি রডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। দারিদ্র্য বিমোচন, ক্ষুদ্রঋণের বিস্তার এবং নারীর ক্ষমতায়নে তাঁর কয়েক দশকের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

প্রায় ৪০০ অতিথির উপস্থিতিতে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫টি দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ এবং গবেষকরা। ড. মুহাম্মদ ইউনূসের নাম ঘোষণা করার সাথে সাথে উপস্থিত অতিথিরা দাঁড়িয়ে তাঁকে দীর্ঘক্ষণ করতালি দিয়ে সম্মান প্রদর্শন করেন। এরপর যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের হাত থেকে তিনি এই মর্যাদাশীল পুরস্কারটি গ্রহণ করেন।

পুরস্কার প্রদানকালে হিলারি ক্লিনটন ড. ইউনূসের কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “আমি নিজে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম দেখেছি। কীভাবে গ্রামীণ নারীরা স্বাবলম্বী হয়েছেন এবং নিজেদের ক্ষমতায়ন নিশ্চিত করেছেন, তা প্রত্যক্ষ করেছি।”

পুরস্কার গ্রহণের পর ড. মুহাম্মদ ইউনূস তাঁর পাঁচ দশকের কর্মজীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, “তোমাদের স্বপ্ন কেবল চাকরি খোঁজা নয়, বরং উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান তৈরির স্বপ্ন দেখতে হবে।”

এই অনুষ্ঠানে ড. ইউনূসের পাশাপাশি আরও দুইজন নারী উদ্যোক্তা ও সমাজকর্মীকে একই পুরস্কার প্রদান করা হয়। এছাড়া একজন বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ ‘জর্জিটাউন অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। ওয়াশিংটনের এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ড. ইউনূসের ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার দীর্ঘদিনের কার্যক্রমের স্বীকৃতি পুনরায় উচ্চারিত হলো।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে