×
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন  বিঘ্ন

২০২৬ অক্টোবর ১৭ ১২:০৮:০২
ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন  বিঘ্ন

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে ব্রোকারেজ হাউস ব্র্যাক ইপিএলের ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) সফটওয়্যারে আবারও কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এতে লেনদেন শুরু হওয়ার পর থেকে বিনিয়োগকারীরা শেয়ার কেনাবেচা করতে পারছেন না। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে একই ধরনের সমস্যার পুনরাবৃত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

বিনিয়োগকারীদের অভিযোগ, গত সপ্তাহের মঙ্গলবারও একই ধরনের সমস্যার কারণে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট শেয়ার কেনাবেচা বন্ধ ছিল। এরপর আজ সকালে শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার পর থেকেই আবারও সফটওয়্যারটিতে সমস্যা দেখা দেয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিনিয়োগকারীরা সফটওয়্যারের মাধ্যমে কোনো ধরনের লেনদেন করতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে।

বিনিয়োগকারীদের ভাষ্য অনুযায়ী, ব্র্যাক ইপিএলের ব্রোকারেজ হাউসের মাধ্যমে সরাসরি লেনদেনের পাশাপাশি ওএমএস সফটওয়্যার ব্যবহার করেও শেয়ার কেনাবেচা করা সম্ভব হচ্ছে না। সফটওয়্যারটিতে বাই অর্ডার ও সেল অর্ডার দেওয়া, অর্ডার কার্যকর করা এবং দেওয়া অর্ডার বাতিল বা প্রত্যাহার করার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। এমনকি অর্ডারের অবস্থা পরিবর্তন করতেও পারছেন না বলে অভিযোগ করেছেন তাঁরা।

এ পরিস্থিতিতে সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে আগে থেকে দেওয়া অর্ডার নিয়ে। বিনিয়োগকারীদের আশঙ্কা, সফটওয়্যার সচল হওয়ার পর আটকে থাকা অর্ডারগুলো একসঙ্গে কার্যকর হয়ে গেলে তাঁরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। বাজারদর পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্ডার কার্যকর হওয়ার ঝুঁকি থাকায় তাঁদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিনিয়োগকারীদের একাংশের ধারণা, নিম্নমানের সফটওয়্যার কিংবা প্রয়োজনীয় কারিগরি সহায়তার ঘাটতির কারণে বারবার এ ধরনের সমস্যা হচ্ছে। এ বিষয়ে তাঁরা ফোনে অভিযোগ জানিয়েছেন। শেয়ার নিউজের সঙ্গেও কথা বলে সফটওয়্যারের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন কয়েকজন বিনিয়োগকারী।

এ বিষয়ে শেয়ার নিউজের পক্ষ থেকে ব্র্যাক ইপিএলের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কুমারে শাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সফটওয়্যারের কারিগরি ত্রুটির বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, সফটওয়্যারের সমস্যার কারণে লেনদেনে বিঘ্ন ঘটছে। গত সপ্তাহেও একই ধরনের সমস্যা হয়েছিল এবং আজ লেনদেন শুরুর পর থেকে আবারও এ পরিস্থিতি তৈরি হয়েছে।

সফটওয়্যারের সমস্যার কারণে বিনিয়োগকারীদের সম্ভাব্য লাভ-ক্ষতি সম্পর্কে জানতে চাইলে তিনি এ বিষয়ে মন্তব্য করেন। তবে এ ত্রুটির কারণে বিনিয়োগকারীদের প্রকৃত আর্থিক ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সফটওয়্যারটির গুণগত মান নিয়ে প্রশ্ন করা হলে কুমারে শাহ জানান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদিত সাতটি ভেন্ডরের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে তাঁরা সফটওয়্যারটি সংগ্রহ করেছেন। তাঁর দাবি, সফটওয়্যারটির সেবার মান নিয়ে তাঁদেরও অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাঁরা ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) লিখিতভাবে জানিয়েছেন।

তিনি আরও জানান, সফটওয়্যারটির সরবরাহকারী প্রতিষ্ঠান ডিরেক্ট ডিএফএমের শ্রীলঙ্কায় অবস্থিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা পাওয়ার কথা থাকলেও সেই সহায়তা যথাযথভাবে পাওয়া যাচ্ছে না। তবে সমস্যাটি সমাধানে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বারবার একই ধরনের কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ব্র্যাক ইপিএলের সফটওয়্যারের নির্ভরযোগ্যতা, সেবার মান এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন নিশ্চিত করতে দ্রুত সমস্যার সমাধান এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে