×
ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল

২০২৬ অক্টোবর ০৭ ১৭:১৮:৩৭
প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: উচ্চদক্ষ বিদেশি কর্মীদের জন্য নতুন ভিসা সুবিধা চালু করেছে সৌদি আরব। এখন থেকে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে উচ্চদক্ষ বিদেশি কর্মীরা নিজেদের কর্মসংস্থান ভিসার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই পরিবারের যোগ্য সদস্যদের সৌদি আরবে নেওয়ার জন্য ভিসার আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এই উদ্যোগের কথা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সমন্বয়ে এ ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ব্যবস্থার আওতায় যোগ্য বিদেশি কর্মীরা তাদের স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলে এবং অবিবাহিত মেয়েদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন।

এর আগে কর্মীর নিজের কাজের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরিবারের সদস্যদের ভিসা প্রক্রিয়া শুরু করতে হতো। নতুন ব্যবস্থায় সেই অপেক্ষা আর প্রয়োজন হবে না। কর্মীর চাকরির ভিসার আবেদন প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই যোগ্য পরিবারের সদস্যদের প্রবেশ ভিসার আবেদন করা যাবে।

তবে এ সুবিধা পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মী ও পরিবারের সদস্যদের নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য শর্ত যথাযথভাবে পূরণ করতে হবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবারের সদস্যরা সৌদি আরবে প্রবেশের পর দেশটির প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী তাদের রেসিডেন্স পারমিট বা ইকামা-সংক্রান্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

কর্তৃপক্ষের মতে, নতুন এই উদ্যোগের ফলে উচ্চদক্ষ বিদেশি কর্মীদের জন্য সৌদি আরবে চাকরি ও পরিবার নিয়ে বসবাসের প্রক্রিয়া আরও সহজ হবে। একই সঙ্গে বিদেশি দক্ষ কর্মীদের জন্য দেশটিকে আরও আকর্ষণীয় করে তোলা এবং দেশটিতে বসবাসরত প্রবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নেও এই উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নতুন সুবিধার ফলে যোগ্য বিদেশি কর্মীদের কর্মসংস্থান ভিসার প্রক্রিয়া এবং পরিবারের সদস্যদের সৌদি আরবে প্রবেশের প্রস্তুতি একই সময়ে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হলো।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর

উ
প
রে