×
ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত

২০২৬ অক্টোবর ০৩ ১৯:১৮:৫৭
আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত

নিজস্ব প্রতিবেদক: বিদেশিদের জন্য বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব পাওয়ার নতুন সুযোগ চালুর ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকায় দেশটিই প্রথম এমন কর্মসূচি চালু করতে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার।

শুক্রবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ কর্মসূচির ঘোষণা দেন আর্জেন্টিনার অর্থমন্ত্রী লুই কাপুতো। চলতি বছরের চতুর্থ প্রান্তিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আবেদন প্রক্রিয়া চালু হওয়ার কথা রয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বিদেশি আবেদনকারীরা অফেরতযোগ্য ৩ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪ কোটি ৩০ লাখ টাকা। বিকল্প হিসেবে ৮ লাখ ডলারের পাবলিক বন্ড কেনার সুযোগও রাখা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ৮৩ লাখ টাকা।

আর্জেন্টিনার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিনিয়োগ পরিবেশ শক্তিশালী করা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের আশা, কর্মসূচিটির মাধ্যমে আর্জেন্টিনার অর্থনীতিতে প্রয়োজনীয় বিদেশি অর্থের প্রবাহ বাড়বে।

দেশটির অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগ আর্জেন্টিনার অর্থনীতিকে আরও উন্মুক্ত করা এবং আন্তর্জাতিক অর্থনীতির সঙ্গে দেশটির একীভূত হওয়ার চলমান প্রক্রিয়ার অংশ। প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সরকারের অর্থনৈতিক সংস্কার ও প্রণোদনা কর্মসূচির মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্ব দিচ্ছেন।

এই কর্মসূচিতে মূল আবেদনকারীর পরিবারের সদস্যদের জন্যও নাগরিকত্বের আবেদনের সুযোগ রাখা হয়েছে। আবেদনকারীর জীবনসঙ্গী এবং ১৮ থেকে ২৫ বছর বয়সী অবিবাহিত সন্তানরা সরকারি তহবিলে ১ লাখ ডলার জমা দিয়ে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। ১৮ বছরের কম বয়সী আবেদনকারীর ক্ষেত্রে জমার পরিমাণ হবে ২৫ হাজার ডলার।

আর্জেন্টিনার অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যেই নতুন এই কর্মসূচি সামনে এলো। ২০২৩ সালের ডিসেম্বরে হাভিয়ের মিলেই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় দেশটির মাসিক মূল্যস্ফীতি ছিল ২৫ দশমিক ৫ শতাংশ। চলতি বছরের আগস্টে তা ১ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে একই সময়ে দেশটির ঋণ পরিশোধের চাপ এবং সরকারের কঠোর আর্থিক সংকোচন নীতি নিয়ে বিনিয়োগকারীদের নজর রয়েছে। এর মধ্যেই বিদেশি বিনিয়োগ আকর্ষণে নাগরিকত্বের এই কর্মসূচি কতটা সাড়া ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর

উ
প
রে