×
ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর

২০২৬ অক্টোবর ০৩ ১০:২৮:৩৪
এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর

নিজস্ব প্রতিবেদক: ২০৩৯ সালে একটি বিরল পরিস্থিতির সাক্ষী হতে পারেন মুসলিম বিশ্বের মানুষ। জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, ওই গ্রেগরিয়ান বছরের মধ্যেই দুইবার হজ এবং তিনবার ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে থাকবে দুইবার ঈদুল আজহা ও একবার ঈদুল ফিতর।

সৌদি আরবের জলবায়ু ও জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞ ড. আবদুল্লাহ আল মিসনাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

মূলত হিজরি চান্দ্রবর্ষ ও গ্রেগরিয়ান সৌরবর্ষের দৈর্ঘ্যের পার্থক্যের কারণেই এমন পরিস্থিতি তৈরি হতে পারে। ইসলামি বর্ষে সাধারণত ৩৫৪ বা ৩৫৫ দিন থাকে, যেখানে গ্রেগরিয়ান বছর ৩৬৫ বা ৩৬৬ দিনের। ফলে প্রতি বছর ইসলামি মাসগুলো গ্রেগরিয়ান ক্যালেন্ডারে প্রায় ১০ থেকে ১১ দিন করে এগিয়ে আসে।

জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, ২০৩৯ সালের শুরুতেই প্রথম হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ১০ জিলহজ ১৪৬০ হিজরি, অর্থাৎ সম্ভাব্য ৬ জানুয়ারি ঈদুল আজহা পালিত হতে পারে। এর আগে হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা হিসেবে হাজিরা আরাফাতের ময়দানে সমবেত হবেন।

এরপর হিজরি বর্ষের প্রায় পূর্ণ একটি চক্র শেষ হওয়ার পর একই গ্রেগরিয়ান বছরের শেষ দিকে আবার হজের সময় চলে আসতে পারে। ১০ জিলহজ ১৪৬১ হিজরি সম্ভাব্য ২৬ ডিসেম্বর পড়তে পারে। ফলে ২০৩৯ সালেই দ্বিতীয়বার হজ এবং দ্বিতীয় ঈদুল আজহা পালনের পরিস্থিতি তৈরি হবে।

দুই ঈদুল আজহার মাঝামাঝি সময়ে পড়বে ঈদুল ফিতর। হিসাব অনুযায়ী, ২০৩৯ সালের ১৯ অক্টোবর ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ওই বছরে দুই ঈদুল আজহার সঙ্গে একটি ঈদুল ফিতর মিলিয়ে মোট তিনটি ঈদ পালিত হতে পারে।

শুধু ২০৩৯ সাল নয়, চান্দ্র ও সৌর ক্যালেন্ডারের এই পার্থক্যের কারণে আরও একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটতে যাচ্ছে। ২০৩০ সালে একই গ্রেগরিয়ান বছরের মধ্যে দুইবার রমজান মাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। একটি রমজান জানুয়ারিতে এবং পরবর্তীটি ডিসেম্বর মাসে শুরু হতে পারে। এর আগে ১৯৯৭ সালে একই গ্রেগরিয়ান বছরে দুইবার রমজান এসেছিল।

তবে ঈদ ও হজের নির্দিষ্ট তারিখ চাঁদ দেখা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণার ওপর নির্ভর করে। তাই ২০৩৯ সালের তারিখগুলোকে বর্তমানে জ্যোতির্বিদ্যাভিত্তিক সম্ভাব্য হিসাব হিসেবেই দেখা হচ্ছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর

উ
প
রে