×
ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মৃত্যুর ১২ বছর পর সাবেক এমপির বিরুদ্ধে মামলা, যা বললেন বাদী

২০২৬ সেপ্টেম্বর ৩০ ০৯:৪০:১৪
মৃত্যুর ১২ বছর পর সাবেক এমপির বিরুদ্ধে মামলা, যা বললেন বাদী

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সুলতানুল কবির চৌধুরী মারা গেছেন ২০১৪ সালের ৩০ জুন। মৃত্যুর প্রায় ১২ বছর পর একটি জমি দখলসংক্রান্ত ঘটনায় দায়ের করা মামলায় তাঁকেও আসামি করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে মামলার বাদী দাবি করেছেন, নামের বানান লিখতে গিয়ে ভুল হওয়ায় মৃত সাবেক সংসদ সদস্যের নাম মামলার আসামির তালিকায় এসেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পারভীন আক্তার নামে ৪০ বছর বয়সী এক নারী নালিশি দরখাস্তটি দায়ের করেন। এতে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩০৭, ৪২৭, ৩৭৯, ৩৮০, ৩৮৫, ৩৮৭, ৩৫৪ ও ৫০৬(২) ধারায় দায়ের করা হয়।

মামলার এজাহারে ১৩ নম্বর আসামি হিসেবে সুলতানুল কবির চৌধুরী (৫৫), পিতা মৃত ফজুল কবির চৌধুরীর নাম উল্লেখ করা হয়েছে। অথচ সাবেক এই সংসদ সদস্য ২০১৪ সালেই মারা যান।

বিষয়টি নিয়ে মামলার বাদী পারভীন আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আইনজীবী মামলা লেখার সময় ভুল করে সুলতানুল কবির চৌধুরীর নাম লিখেছেন। সেখানে আসামি হিসেবে থাকার কথা ছিল সুলতানুল গণি চৌধুরীর নাম। তাঁর দাবি, গত ২৮ সেপ্টেম্বর আসামিরা তাঁর পৈতৃক সম্পত্তি জবরদখল করায় তিনি আদালতে মামলা করেছেন।

ঘটনার সময় সুলতানুল গণি চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে পারভীন আক্তার দাবি করেন, তাঁরাই পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখল করেছেন এবং পুলিশের সহযোগিতায় তাঁদের উচ্ছেদ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে বাঁশখালীর সাবেক সংসদ সদস্য সুলতানুল কবির চৌধুরীর ছোট ভাই ও পুঁইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সুলতানুল গণি চৌধুরী (লেদু মিয়া)-এর দুই তলাবিশিষ্ট একটি মার্কেটের কার্যালয়, দোকান ও বোর্ডিং দখল করে টিনের ঘেরা দেওয়া হয়। রশিদ আহমদ ও তাঁর লোকজন এ দখল করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়।

মামলার প্রধান আসামি ইয়াসিন আরাফাত চৌধুরী দাবি করেন, মামলায় যে ঘটনার সময় উল্লেখ করা হয়েছে, তখন তিনি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে ছিলেন। একই সঙ্গে তাঁর জেঠা সুলতানুল কবির চৌধুরী প্রায় ১২ বছর আগে মারা গেছেন উল্লেখ করে তিনি বলেন, মৃত ব্যক্তিকে মামলার আসামি করায় বিষয়টি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হকের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় ব্যবসায়ীরাও সেখানে উপস্থিত হন। পরে দখলদারদের উচ্ছেদ করে প্রকৃত ব্যবসায়ীদের কাছে দোকানপাট ও ব্যবসা পরিচালনার সুযোগ ফিরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে