×
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শেয়ারবাজারে আসছে বাংলাদেশে সুজুকির নির্মাতা প্রতিষ্ঠান

২০২৬ সেপ্টেম্বর ২৬ ২১:১৯:২৮
শেয়ারবাজারে আসছে বাংলাদেশে সুজুকির নির্মাতা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়ায় এগোচ্ছে সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেলের অনুমোদিত প্রস্তুতকারক ও বাংলাদেশে একমাত্র পরিবেশক প্রতিষ্ঠান রানকন মোটর বাইকস লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি করপোরেট ও শেয়ারবাজারবিষয়ক পরামর্শক এবং ইস্যু ম্যানেজার নিয়োগের জন্য পৃথক চুক্তি করেছে।

চুক্তি অনুযায়ী, লায়ন সিটি অ্যাডভাইজরি লিমিটেড (এলসিএএল) রানকন মোটর বাইকসকে করপোরেট ও ক্যাপিটাল মার্কেট বিষয়ে পরামর্শ দেবে। অন্যদিকে, সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড প্রস্তাবিত তালিকাভুক্তির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে।

বুধবার ঢাকার তেজগাঁওয়ে র‌্যাংস বাবিলোনিয়ায় এ চুক্তি স্বাক্ষরিত হয়। রানকন মোটর বাইকসের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী এবং লায়ন সিটি অ্যাডভাইজরি লিমিটেডের নির্বাহী পরিচালক এরশাদ হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সংশ্লিষ্ট ইস্যু ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সূত্রের বরাতে জানা গেছে, রানকন মোটর বাইকস সরাসরি তালিকাভুক্তির (ডাইরেক্ট লিস্টিং) প্রক্রিয়ার মাধ্যমে শেয়ারবাজারে আসার জন্য আবেদন করতে পারে। এটি বাস্তবায়িত হলে দেশের শেয়ারবাজারে এককভাবে মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে রানকন মোটর বাইকসের তালিকাভুক্তি একটি উল্লেখযোগ্য ঘটনা হবে।

এর আগে মোটরসাইকেল ও থ্রি-হুইলার উৎপাদনকারী প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রানকন মোটর বাইকসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আহসান হাকিম, ফারহানা করিম, ইমরান জামান খান ও আবু জাফর সিদ্দিকী উপস্থিত ছিলেন। লায়ন সিটি অ্যাডভাইজরি লিমিটেডের পক্ষে আবদুল্লাহ আল ফয়সালসহ অন্য কর্মকর্তারা এবং সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্টের পক্ষে রাবিউল হোসাইন উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত তালিকাভুক্তির মাধ্যমে রানকন মোটর বাইকস বাংলাদেশের শেয়ারবাজারে প্রবেশের পাশাপাশি মূলধনবাজারের পরিসরেও নিজেদের অংশগ্রহণ আরও বাড়াতে চায়। প্রতিষ্ঠানটির এই উদ্যোগকে ব্যবসা সম্প্রসারণ ও শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের সম্ভাব্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

লায়ন সিটি অ্যাডভাইজরির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত দেশের মোটরসাইকেল বাজারে সুজুকি ব্র্যান্ডের প্রায় ২০ শতাংশ বাজার হিস্যা ছিল। ওই সময়ে দেশে মোট ৪০ হাজার ৫১৪টি মোটরসাইকেল বিক্রি হয়। এর মধ্যে সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল বিক্রি হয়েছে ৮ হাজার ২১৫টি।

রানকন মোটর বাইকস লিমিটেড বাংলাদেশে সুজুকি মোটরসাইকেলের অনুমোদিত প্রস্তুতকারক ও একমাত্র দেশীয় পরিবেশক হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। প্রস্তাবিত তালিকাভুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের শেয়ারবাজারে নতুন একটি মোটরসাইকেল প্রস্তুতকারক হিসেবে যুক্ত হওয়ার পথে এগোচ্ছে।

এসউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে