×
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বেদখল জমি নিয়ে ভুক্তভোগীদের জন্য স্বস্তির খবর

২০২৬ সেপ্টেম্বর ২৬ ১৯:১১:৫৬
বেদখল জমি নিয়ে ভুক্তভোগীদের জন্য স্বস্তির খবর

নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে দখল হয়ে যাওয়া জমি দ্রুত উদ্ধারে সুফল দিচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন। আদালত বা যথাযথ কর্তৃপক্ষের আদেশ ছাড়া কোনো ব্যক্তিকে তার দখলীয় জমি থেকে উচ্ছেদ করা হলে আইন অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে দখল পুনরুদ্ধারের সুযোগ রয়েছে। আবেদন পাওয়ার পর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে তিন মাসের মধ্যে বিষয়টি নিষ্পত্তি এবং প্রযোজ্য ক্ষেত্রে জমির দখল পুনর্বহালের বিধান রাখা হয়েছে।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সাল থেকে ২০২৬ সালের ১ সেপ্টেম্বর পর্যন্ত ৩৩ মাসে ঢাকা জেলায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আওতায় মোট ৮০৭টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৪৭৫টি মামলা ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে। বর্তমানে ৩৩২টি মামলা বিচারাধীন রয়েছে। দায়ের হওয়া মামলাগুলোর বড় অংশই অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তিদের জমির দখল পুনরুদ্ধার সংক্রান্ত।

আইনের ৮ ধারায় দখল পুনরুদ্ধারের প্রক্রিয়া বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ছাড়া কোনো ব্যক্তিকে তার দখলীয় ভূমি থেকে উচ্ছেদ করা হলে তিনি সংশ্লিষ্ট এলাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে দখল পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন পাওয়ার পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হন যে, কোনো ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া ছাড়া তার দখলীয় জমি থেকে উচ্ছেদ বা দখলচ্যুত করা হয়েছে, তাহলে তাকে পূর্বের দখলে পুনর্বহালের জন্য প্রয়োজনীয় আদেশ দিতে পারবেন। এ ক্ষেত্রে উভয় পক্ষের বক্তব্য গ্রহণ এবং প্রয়োজন অনুযায়ী সরেজমিন তদন্তের বিধান রয়েছে।

তবে যথাযথভাবে নোটিশ দেওয়ার পরও কোনো পক্ষ ইচ্ছাকৃতভাবে শুনানিতে উপস্থিত না হলে সরেজমিন তদন্ত ও প্রয়োজনীয় অনুসন্ধানের ভিত্তিতে লিখিত আদেশ দেওয়ার সুযোগ রয়েছে। আইনে বলা হয়েছে, আবেদন পাওয়ার পর তিন মাসের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে দখল পুনরুদ্ধারের ব্যবস্থা নিতে হবে।

এ ক্ষেত্রে কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ অসহযোগিতা বা অবহেলা করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিধানও রয়েছে। ভুক্তভোগী ব্যক্তি নিজে অথবা তার নিয়োজিত প্রতিনিধির মাধ্যমে মামলা পরিচালনা করতে পারেন। একই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মধ্যে দায়িত্ব বণ্টন ও এখতিয়ার নির্ধারণ করে দিতে পারেন।

তবে কোনো দেওয়ানি আদালতে একই জমির দখল পুনরুদ্ধার নিয়ে মামলা বিচারাধীন থাকলে একই বিষয়ে ভূমি অপরাধ আইনের অধীনে পৃথক ব্যবস্থা নেওয়া যাবে না। অবশ্য সংশ্লিষ্ট দেওয়ানি আদালত কোনো পক্ষের আবেদনের ভিত্তিতে বা নিজ বিবেচনায় মামলাটি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে পারেন।

আইনের ৮ ধারার অধীনে দেওয়া আদেশ অমান্য বা বাস্তবায়নে বাধা দেওয়ার ক্ষেত্রেও শাস্তির বিধান রয়েছে। কেউ ইচ্ছাকৃতভাবে এমন আদেশ অমান্য, লঙ্ঘন বা বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধের জন্য অনধিক দুই বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের আইন শাখার উপসচিব তুষার আহমেদ বাসসকে বলেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ প্রণয়নের পর ২০২৪ সালে এর বিধিমালা করা হয়েছে। বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে আইনটি বাস্তবায়ন করা হচ্ছে এবং এর সুফল জনগণ পাচ্ছেন।

তিনি জানান, প্রতিটি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে আলাদা টিম গঠন করা হয়েছে। এসব টিমের কাছে জমা পড়া আবেদনগুলো আইন ও বিধিমালা অনুযায়ী নিষ্পত্তি করা হচ্ছে।

ঢাকা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরান বলেন, ২০২৪ সাল থেকে ২০২৬ সালের ১ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা জেলায় এই আইনের আওতায় ৮০৭টি মামলার মধ্যে ৪৭৫টি নিষ্পত্তি হয়েছে। তিন মাসের মধ্যে মামলা নিষ্পত্তির লক্ষ্য সামনে রেখে ম্যাজিস্ট্রেটদের এখতিয়ার নির্ধারণ করে দেওয়া হয়েছে। নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা আন্তরিকভাবে কাজ করছেন বলেও জানান তিনি।

আইনজীবী খালিদ হোসাইন বলেন, এই আইনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো জবাবদিহিতার বিধান। তার ভাষ্য অনুযায়ী, প্রচলিত দেওয়ানি মামলায় অনেক সময় দীর্ঘ সময় লাগলেও নতুন আইনে নির্দিষ্ট সময়ের মধ্যে দখল পুনরুদ্ধারের ব্যবস্থা করার বাধ্যবাধকতা রয়েছে। ফলে ভুক্তভোগীরা তুলনামূলক কম সময়ে প্রতিকার পাওয়ার সুযোগ পাচ্ছেন।

আইনের মাধ্যমে দখল ফিরে পাওয়া ভুক্তভোগী জসিম উদ্দিন জানান, আদালতের আদেশ ছাড়াই তাকে জমি থেকে উচ্ছেদ করা হয়েছিল। পরে তিনি প্রতিকার চেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন এবং তিন মাসের মধ্যেই জমির দখল ফিরে পান। তার দাবি, একই বিষয়ে দেওয়ানি আদালতে গেলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারত।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে