×
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রিমান্ড শেষে কারাগারে নজরুলের স্ত্রী, তদন্তে মিলল ‘গুরুত্বপূর্ণ তথ্য’  

২০২৬ সেপ্টেম্বর ২২ ১৭:২৯:০৭
রিমান্ড শেষে কারাগারে নজরুলের স্ত্রী, তদন্তে মিলল ‘গুরুত্বপূর্ণ তথ্য’  

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় রিমান্ড শেষে গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। জিজ্ঞাসাবাদে মামলাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে আদালতে দেওয়া আবেদনে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাকছুদাকে রিমান্ড শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, মাকছুদাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় মামলাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক ভূমিকা রাখবে। তবে কী ধরনের তথ্য পাওয়া গেছে, তা প্রকাশ্যে জানানো হয়নি।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) একই মামলায় গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত গাজী নজরুল ইসলামের চার দিন এবং মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে হেফাজতে নেওয়া হয়। পরে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে মরিয়মের পরিবারের পক্ষ থেকে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের সত্যতা এখনো তদন্তাধীন। গাজী নজরুল ইসলাম অভিযোগগুলো অস্বীকার করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রিমান্ডে পাওয়া তথ্যসহ মামলার অন্যান্য আলামত যাচাই-বাছাই করে ঘটনার প্রকৃত কারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ত করা হচ্ছে। মামলার অভিযোগ প্রমাণিত হয়েছে—এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে