×
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্কে নতুন প্রস্তাব, যা বললেন গভর্নর

২০২৬ সেপ্টেম্বর ২২ ১৭:২৩:৫৩
বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্কে নতুন প্রস্তাব, যা বললেন গভর্নর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক উঠে আসে।

বৈঠকে গভর্নর বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তার মতে, ভারত থেকে আমদানির তুলনায় বাংলাদেশ থেকে রপ্তানি বাড়ানো গেলে দুই দেশের বাণিজ্য ভারসাম্য উন্নত করার ক্ষেত্রে তা ভূমিকা রাখতে পারে।

এ সময় বাংলা কিউআর-এর ব্যবহার আরও সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা কাজে লাগানো এবং সম্ভাব্য কারিগরি সহযোগিতার বিষয়েও মতবিনিময় করা হয়।

বৈঠকে ভারতের হাইকমিশনার বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আরও সহজ করার ওপর গুরুত্ব দেন। জবাবে গভর্নর জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিভিন্ন বিনিয়োগবান্ধব নীতিগত উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ করা অর্থ ও অর্জিত মুনাফা নিজ দেশে প্রত্যাবাসনের প্রক্রিয়া তুলনামূলক সহজ করার কথা জানানো হয়।

গভর্নর বিশেষ করে প্রযুক্তি, উৎপাদন ও শিল্প খাতে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক লেনদেনের সুযোগ সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে ভারতের ডেপুটি হাইকমিশনার পবনকুমার বাধে এবং সেকেন্ড সেক্রেটারি (ইকোনমিক অ্যান্ড কমার্স) গৌরব কুমার আগারওয়াল উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নরের সঙ্গে ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও ডেপুটি গভর্নর মো. সারোয়ার হোসেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে