×
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা

২০২৬ সেপ্টেম্বর ২১ ১৫:৪৭:২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩ হাজার ২৪৫ কোটি টাকা তুলে নিয়েছেন ৯০ হাজার ৯৮ জন গ্রাহক। একই সময়ে ব্যাংকটিতে নতুন করে আমানত হিসেবে জমা হয়েছে ২ হাজার ৭০০ কোটি টাকা।

ব্যাংকটির পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট (পিআরডি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের ১ লাখ ৭৯ হাজার ৬৮২ জন গ্রাহক মোট ৬ হাজার ৯৭৫ কোটি টাকা উত্তোলনের জন্য আবেদন করেন। এর মধ্যে ৯০ হাজার ৯৮ জন গ্রাহকের আবেদনের বিপরীতে ৩ হাজার ২৪৫ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

অন্যদিকে, এই ২০ দিনের মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন করে ৩২ হাজার ৭৪টি ব্যাংক হিসাব খোলা হয়েছে। এসব নতুন হিসাবে মোট ৩৭৮ কোটি টাকা জমা পড়েছে।

ব্যাংকটির দেওয়া তথ্য বলছে, নতুন হিসাব খোলার মাধ্যমে জমা হওয়া অর্থের পাশাপাশি বিভিন্ন উপায়ে একই সময়ে ব্যাংকটিতে মোট ২ হাজার ৭০০ কোটি টাকার নতুন আমানত এসেছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। পাঁচটি ব্যাংকের সমন্বয়ে গঠিত নতুন এই ব্যাংকের মোট শাখার সংখ্যা ৭৬১টি।

এর আগে গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট আমানতকারীদের অর্থ উত্তোলনের বিষয়ে একটি নির্দেশনা জারি করে। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি হিসাবধারীদের মূল আমানত ফেরত দেওয়ার আবেদন গ্রহণ শুরু করে সম্মিলিত ইসলামী ব্যাংক।

আবেদন গ্রহণ শুরুর পর ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে ৯০ হাজার ৯৮ জন গ্রাহককে মোট ৩ হাজার ২৪৫ কোটি টাকা পরিশোধ করেছে ব্যাংকটি।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে