×
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

গাজী নজরুলের ২য় স্ত্রীর মৃত্যু নিয়ে জামায়াতের স্পষ্ট অবস্থান  

২০২৬ সেপ্টেম্বর ২১ ০৮:১৪:৪৫
গাজী নজরুলের ২য় স্ত্রীর মৃত্যু নিয়ে জামায়াতের স্পষ্ট অবস্থান  

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া বা বক্তব্য দিতে চায় না বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে ঘটনাটিকে গাজী নজরুলের ব্যক্তিগত বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিআইডির ফরেনসিক দলও কাজ করেছে।

ঘটনার বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, “এটি একটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং এ নিয়ে দলটির কোনো বক্তব্য দেওয়ার কিছু নেই।”

তিনি আরও জানান, গাজী নজরুল ইসলাম বর্তমানে জামায়াতে ইসলামীর কোনো সদস্য নন। তার ভাষ্য অনুযায়ী, ব্যক্তিগত কোনো অপরাধ বা মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনা তদন্তের দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে জানান, ন্যাম ভবনের ওই ফ্ল্যাটে মরিয়মের মরদেহ পাওয়া যায়। ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দলকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে আলোচনা তৈরি হয়েছিল। পরবর্তীতে গাজী নজরুল ওই তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন হিসেবে স্বীকার করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওই ঘটনার পর গত ২২ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে জাতীয় সংসদের স্পিকার, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি পাঠায় দলটি।

এদিকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নতুন করে নানা প্রশ্ন উঠেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ, ঘটনাস্থলের পরিস্থিতি এবং এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না—এসব বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

জামায়াতের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, গাজী নজরুলকে দল থেকে বহিষ্কারের পর তার সঙ্গে দলটির সাংগঠনিক কোনো সম্পর্ক নেই। ফলে মরিয়মের মৃত্যুর ঘটনায় রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়ার সুযোগও তারা দেখছে না। বর্তমানে ঘটনাটির তদন্ত ও আইনি প্রক্রিয়ার দিকেই সংশ্লিষ্টদের নজর।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে