×
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পাটশিল্পে বড় বিনিয়োগ, চালু হলো বন্ধ চার কারখানা

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৫:৩৬:৪৮
পাটশিল্পে বড় বিনিয়োগ, চালু হলো বন্ধ চার কারখানা

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন কারণে দীর্ঘদিন বন্ধ থাকা চারটি পাটকল নতুন করে চালু করেছে আবুল খায়ের গ্রুপ। এর ফলে বন্ধ হয়ে যাওয়া এসব কারখানার অনেক শ্রমিকের আবারও কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। বর্তমানে চালু হওয়া কারখানাগুলোতে পাটের সুতা ও বিভিন্ন ধরনের পাটজাত পণ্য উৎপাদন করা হচ্ছে, যার একটি অংশ বিদেশেও রপ্তানি হচ্ছে।

সম্প্রতি ফরিদপুরের রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ নতুন করে উৎপাদনে ফিরিয়েছে আবুল খায়ের গ্রুপ। কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় যেসব শ্রমিক কর্মহীন হয়ে পড়েছিলেন, তাদের একটি অংশের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। বর্তমানে এ কারখানায় উৎপাদিত পণ্য বিদেশের বিভিন্ন বাজারে রপ্তানি করা হচ্ছে।

রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজের পাশাপাশি আরও তিনটি বন্ধ পাটকল চালু করেছে প্রতিষ্ঠানটি। এগুলো হলো ফরিদপুরের দাহমাশী জুট ইন্ডাস্ট্রিজ, ফরিদপুর জুট ফাইবার্স এবং কুষ্টিয়া জুট ইন্ডাস্ট্রিজ। চারটি কারখানাতেই বর্তমানে পাটপণ্য উৎপাদন চলছে। সব মিলিয়ে এসব কারখানায় প্রায় ১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবুল খায়ের গ্রুপ।

প্রতিষ্ঠানটি বছরে ৮০ হাজার মেট্রিক টন পাটের সুতা ও পাটজাত পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছে। চলতি বছর ১২০ কোটি ডলারের পাটের সুতা রপ্তানির লক্ষ্যমাত্রার কথাও জানিয়েছে তারা। তুরস্ক, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে এসব পাটপণ্য রপ্তানি করার পরিকল্পনা রয়েছে।

আবুল খায়ের গ্রুপের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগাল শেখ শাবাব আহমেদ বলেন, বর্তমানে বেসরকারি খাতে অনেক পাটকল বন্ধ রয়েছে। তাই নতুন করে কারখানা স্থাপনের পরিবর্তে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছেন তারা। এরই মধ্যে বেসরকারি খাতের চারটি বন্ধ পাটকল চালু করা হয়েছে। পাশাপাশি আরও চারটি সরকারি বন্ধ পাটকল চালুর জন্য আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।

শেখ শাবাব আহমেদ আরও বলেন, প্রতিষ্ঠানটি মূল্য সংযোজিত পাটপণ্য উৎপাদনের দিকে গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের পাটের মান ভালো এবং পরিবেশবান্ধব এ পণ্যের বিশ্ববাজারে চাহিদা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। পাটপণ্যে বিনিয়োগের মাধ্যমে দেশের পাটশিল্পের সম্প্রসারণের পাশাপাশি পাটচাষিদের আর্থিক অবস্থার উন্নয়নেও ভূমিকা রাখার আশা করছে আবুল খায়ের গ্রুপ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে