×
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জিন্নাহকে নিয়ে ‘হেট্রেড’ নয়, ছাত্রশক্তি নেতার পোস্টে নতুন বিতর্ক

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৫:২২:০৩
জিন্নাহকে নিয়ে ‘হেট্রেড’ নয়, ছাত্রশক্তি নেতার পোস্টে নতুন বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের সিঁড়িতে মুহাম্মদ আলী জিন্নাহর ছবি সেঁটে দেওয়ার ঘটনাকে ‘নোংরামির চূড়ান্ত সীমা’ বলে মন্তব্য করেছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

হাসিব আল ইসলাম তার পোস্টে বলেন, ১৯৪৭ সালের পর জিন্নাহর রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করা যেতে পারে। তবে তাকে ঘিরে অতিরিক্ত বিদ্বেষ বা আক্রমণাত্মক আচরণের পর্যায়ে বিষয়টি নিয়ে যাওয়া হলে তা মেনে নেওয়া উচিত নয় বলে তিনি মনে করেন।

জিন্নাহ ইস্যুতে ছাত্রদলের সমালোচনা করে ছাত্রশক্তির এই নেতা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও মন্তব্য করেন। একই সঙ্গে তিনি আওয়ামীপন্থী ও বামপন্থী বিভিন্ন রাজনৈতিক বয়ান সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।

নিজের বক্তব্যে হাসিব আল ইসলাম আরও বলেন, জিন্নাহর সঙ্গে বাংলাদেশের ভূখণ্ডের দ্বন্দ্বকে তিনি মূলত রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধিকার এবং প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাবের সঙ্গে সম্পর্কিত হিসেবে দেখেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি রাখা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। পরে সংগ্রহশালা থেকে ওই ছবি ছিঁড়ে ফেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। আবু তৈয়ব হাবিলদার নামে ওই শিক্ষার্থী তখন জিন্নাহর ছবি রাখার বিরোধিতা করে বক্তব্য দেন।

এ ঘটনার পর ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ জিন্নাহর ছবি সংগ্রহশালায় রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন। তার বক্তব্য অনুযায়ী, ছবির নিচে জিন্নাহর বাংলা ভাষাবিরোধী অবস্থানের কথাও উল্লেখ করা হয়েছিল। ছবি না রাখলে জিন্নাহর ভাষাবিরোধী অবস্থান ইতিহাস থেকে আড়াল করার অভিযোগ উঠতে পারে বলেও তিনি যুক্তি দেন।

এরই মধ্যে সূর্য সেন হলের সিঁড়িতে জিন্নাহর ছবি সেঁটে দেওয়ার ঘটনা সামনে আসায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি ঘিরে বিভিন্ন পক্ষ থেকে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে