×
ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

দরপতনের চাপে ডিএসইর বাজার মূলধনে ধস

২০২৬ সেপ্টেম্বর ১২ ১৬:৫১:২৭
দরপতনের চাপে ডিএসইর বাজার মূলধনে ধস

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে টানা দরপতনের প্রভাব পড়েছে মূল্যসূচক, বাজার মূলধন ও লেনদেনে। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই মূল্যসূচক কমেছে। পাশাপাশি সপ্তাহের ব্যবধানে দর হারানো প্রতিষ্ঠানের সংখ্যাও ছিল বেশি।

এতে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর বাজার মূলধন এক সপ্তাহে ৫ হাজার ৩২৯ কোটি টাকা কমেছে। একই সঙ্গে কমেছে দৈনিক গড় লেনদেন। এর পাশাপাশি প্রধান মূল্যসূচকসহ ডিএসইর সব কটি মূল্যসূচকে বড় পতন হয়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ৬০টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৩১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। আর ১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে।

দরপতনের ফলে গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৩ হাজার ৬৮ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৮ হাজার ৪৯৭ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৫ হাজার ৩২৯ কোটি টাকা।

বাজার মূলধন কমার পাশাপাশি গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচকেও বড় পতন হয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে ১৪৬ দশমিক ৯২ পয়েন্ট বা ২ দশমিক ৫৯ শতাংশ কমেছে।

অন্যদিকে ইসলামি শরিয়াহভিত্তিতে পরিচালিত কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক সপ্তাহজুড়ে ৩২ দশমিক ৯৫ পয়েন্ট বা ২ দশমিক ৯০ শতাংশ কমেছে। এছাড়া বাছাই করা ভালো কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক কমেছে ৪৫ দশমিক ৪২ পয়েন্ট বা ২ দশমিক ১২ শতাংশ।

সূচকের পাশাপাশি গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের গতিও কমেছে। পাঁচ কার্যদিবসে প্রতিদিন গড়ে ৫৫৪ কোটি ২৪ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৬০৮ কোটি ৮১ লাখ টাকা। ফলে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৫৪ কোটি ৫৭ লাখ টাকা বা ৮ দশমিক ৯৬ শতাংশ।

এদিকে গত সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারে। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে ২৩ কোটি ৭০ লাখ টাকা লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ২৮ শতাংশ।

লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল এনভয় টেক্সটাইল। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে ২৩ কোটি ১৮ লাখ টাকা লেনদেন হয়েছে। আর প্রতিদিন গড়ে ১৬ কোটি ৬২ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় অবস্থানে রয়েছে মালেক স্পিনিং।

লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আইপিডিসি ফাইন্যান্স, সাউথইস্ট ব্যাংক এবং নিটল ইন্স্যুরেন্স।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে