×
ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

স্বচ্ছতা ও ডিজিটাল সেবা বাড়াতে নতুন ওয়েবসাইট বিএসইসির

২০২৬ সেপ্টেম্বর ০৬ ১৬:১৭:২৭
স্বচ্ছতা ও ডিজিটাল সেবা বাড়াতে নতুন ওয়েবসাইট বিএসইসির

নিজস্ব প্রতিবেদক : বিনিয়োগকারী, সাধারণ মানুষ এবং পুঁজিবাজারের বিভিন্ন অংশীজনকে আরও সহজ, উন্নত ও কার্যকর তথ্য ও সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে নতুন ও আধুনিক অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছে দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে নতুন ওয়েবসাইটটির কার্যক্রম শুরু হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিএসইসি।

বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বে নতুন ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। কমিশনার (আইসিটি) তানভীর হাবিব রহমান, সিপিএ-এর তত্ত্বাবধানে কমিশনের আইসিটি ডিভিশন এ কার্যক্রম বাস্তবায়ন করেছে। ওয়েবসাইট তৈরিতে একটি প্রযুক্তি অংশীদার প্রতিষ্ঠানের কারিগরি সহায়তাও নেওয়া হয়েছে।

নতুন ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষ বিএসইসির আইন-কানুন, এনফোর্সমেন্ট অ্যাকশন, প্রেস রিলিজ, টেন্ডার বিজ্ঞপ্তি, জনগুরুত্বপূর্ণ অফিস আদেশ, নিবন্ধিত বিভিন্ন স্টেকহোল্ডারের তালিকা এবং আইপিও ও আরপিও প্রসপেক্টাসসহ কমিশন-সংশ্লিষ্ট নানা তথ্য সহজে দেখতে ও সংগ্রহ করতে পারবেন।

এ ছাড়া বিএসইসির বিভিন্ন সেবা এবং এসব সেবা গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্যও নতুন ওয়েবসাইটে সহজে পাওয়া যাবে। এর ফলে বিনিয়োগকারী, পুঁজিবাজারের অংশীজন এবং সাধারণ সেবাগ্রহীতারা প্রয়োজনীয় তথ্য ও সেবা-সংক্রান্ত বিষয় দ্রুত জানতে পারবেন। বিশেষ করে বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য পাওয়ার ক্ষেত্রে ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ তথ্যের উৎস হিসেবে ভূমিকা রাখবে।

বিশ্বের স্বনামধন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর আধুনিক ওয়েবসাইটের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। এতে উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক ও ব্যবহারবান্ধব ইন্টারফেস এবং প্রয়োজনীয় তথ্য ও সেবা সহজে খুঁজে পাওয়ার সুবিধা রাখা হয়েছে।

বিএসইসি জানিয়েছে, নতুন ওয়েবসাইটের ফলে বিনিয়োগকারী, পুঁজিবাজারের বিভিন্ন অংশীজন ও সাধারণ সেবাগ্রহীতারা প্রয়োজনীয় তথ্য এবং সেবা-সংক্রান্ত বিষয় আরও দ্রুত ও সহজভাবে জানতে পারবেন।

সামগ্রিকভাবে পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা এবং বিনিয়োগকারীবান্ধব সেবার পরিধি সম্প্রসারণের পাশাপাশি বিএসইসির চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে কমিশন।

নতুন ওয়েবসাইট চালু হওয়ার কারণে বিএসইসির আগের ওয়েবসাইটটি রোববার (৬ সেপ্টেম্বর) থেকে বন্ধ থাকবে।

নতুন ওয়েবসাইট:বিএসইসির অফিসিয়াল ওয়েবসাইট

নতুন ওয়েবসাইট নিয়ে কোনো মতামত, পরামর্শ বা ফিডব্যাক থাকলে তা বিএসইসির [email protected] ই-মেইল ঠিকানায় পাঠানো যাবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে