×
ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

ভ্রমণকারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত, বাড়ল ডলার সীমা

২০২৬ সেপ্টেম্বর ০৬ ১৫:৪৩:৩১
ভ্রমণকারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত, বাড়ল ডলার সীমা

নিজস্ব প্রতিবেদক : বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক প্রতি পঞ্জিকাবর্ষে বিদেশ ভ্রমণের জন্য সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে পারবেন। এতদিন এই সীমা ছিল ১২ হাজার ডলার।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বিদ্যমান ভ্রমণ-সুবিধায় পরিবর্তন আনে। নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো একটি পঞ্জিকাবর্ষে বিদেশ ভ্রমণের জন্য একজন প্রাপ্তবয়স্ক নাগরিককে সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় নিয়ে ভ্রমণ কোটার সীমা বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্তে প্রাপ্তবয়স্কদের বার্ষিক ভ্রমণ কোটা আগের তুলনায় ৬ হাজার ডলার বাড়ানো হয়েছে। ফলে ১২ হাজার ডলারের সীমা থেকে ৫০ শতাংশ বেড়ে নতুন সীমা দাঁড়িয়েছে ১৮ হাজার ডলারে। এই সুবিধা একটি পঞ্জিকাবর্ষের জন্য প্রযোজ্য হবে।

তবে ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য ভ্রমণ কোটার নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি। তারা প্রাপ্তবয়স্কদের অনুমোদিত সীমার ৫০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবেন। অর্থাৎ প্রাপ্তবয়স্কদের নতুন সীমা ১৮ হাজার ডলার হওয়ায় ১২ বছরের কম বয়সী শিশুর ক্ষেত্রে সর্বোচ্চ সীমা হবে ৯ হাজার ডলার।

এদিকে ভ্রমণ কোটার পুরো অর্থ নগদ মার্কিন ডলার হিসেবে নেওয়ার সুযোগ থাকছে না। নগদ ডলার নোট নেওয়ার ক্ষেত্রে আগের নিয়মই বহাল রয়েছে। বিদ্যমান নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি তার বার্ষিক ভ্রমণ কোটার মধ্যে সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার নগদ ডলার নোট সঙ্গে নিতে পারবেন। বাকি বৈদেশিক মুদ্রা অনুমোদিত অন্যান্য মাধ্যমে ব্যবহারের সুযোগ থাকবে।

ভ্রমণ কোটার সীমা বাড়ানোর ফলে বিদেশে পর্যটন, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা এবং অন্যান্য অনুমোদিত ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ বাড়ল। নতুন এই সুবিধা ভ্রমণকারীদের বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণে কিছুটা স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে