ঢাকা, শনিবার, ২২ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০২৬ আগস্ট ২২ ১৮:৫৪:৩২
প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তাড়াহুড়া করে নয়, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আলোচনায় অগ্রগতি হলে উপযুক্ত সময়েই ভারত সফর করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (২২ আগস্ট) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

হুমায়ুন কবির বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চায় সরকার। তবে জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে কোনো দেশের সঙ্গেই সম্পর্ক এগিয়ে নেওয়ার সুযোগ নেই।

ভারত সফরের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আলোচনায় কিছুটা অগ্রগতি প্রয়োজন। আলোচনার ভিত্তি এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়েই উপযুক্ত সময়ে ভারত সফর করা হবে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে ইতিবাচক ও কার্যকর সম্পর্ক থাকা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

তবে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে জাতীয় স্বার্থের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, শুধু ভারত নয়, বিশ্বের কোনো দেশের সঙ্গেই বাংলাদেশের জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা ভারতে গেছেন। দেড় হাজার মানুষ হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসী হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ ঘটনায় কয়েকটি মামলার বিচারিক প্রক্রিয়ার ফলও এসেছে এবং আরও অনেক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ফলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি নতুন কোনো শর্ত কিংবা নতুন ধরনের সম্পৃক্ততার বিষয় নয়; এটি দুই দেশের মধ্যে চলমান একটি প্রক্রিয়ার অংশ।

ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ অন্যান্য অপরাধীদের ফিরিয়ে আনার বিষয়টি বাংলাদেশের জনগণের প্রত্যাশার সঙ্গে সরাসরি সম্পর্কিত বলেও মন্তব্য করেন হুমায়ুন কবির। তার ভাষায়, আরও অনেক অপরাধী ভারতে পালিয়ে রয়েছেন। তাদের ফিরিয়ে আনা বাংলাদেশের মানুষের স্বাভাবিক দাবি ও অনুভূতির বিষয়। এ প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়েই ভারতের সঙ্গে সম্পৃক্ত হতে চায় সরকার।

ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়া নেই জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থের ভিত্তিতে যদি আগামীকালই কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়, তাহলে আগামী সপ্তাহেই সফর হতে পারে। আবার প্রয়োজন হলে তার পরের সপ্তাহেও যাওয়া সম্ভব। তবে এ ক্ষেত্রে নির্দিষ্ট কোনো তাড়াহুড়া নেই।

প্রধানমন্ত্রী পর্যায়ের সফরের আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও আলোচনা সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন তিনি। হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী পর্যায়ের সফর হঠাৎ করে আয়োজনের বিষয় নয়। এর আগে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হয়। এটি কোনো খেলার বিষয়ও নয়।

দুই দেশের সরকারপ্রধানের বৈঠকের আগে প্রয়োজনীয় ভিত্তি তৈরি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, সেই প্রস্তুতি ও আলোচনার কাজই বর্তমানে করা হচ্ছে।

ভারতের পক্ষ থেকেও ইতিবাচক মনোভাব ও সদিচ্ছার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার মতে, ভারতের দিক থেকেও ইতিবাচক মনোভাব এবং সদিচ্ছার সংকেত আসছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে