ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬

সার্ক পুনরুজ্জীবনে ঢাকার নতুন রাজনৈতিক উদ্যোগ

২০২৬ আগস্ট ১৭ ২১:১৩:২১
সার্ক পুনরুজ্জীবনে ঢাকার নতুন রাজনৈতিক উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আবারও কার্যকর করে তুলতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সংস্থাটির কার্যক্রমে নতুন গতি ফেরাতে ধারাবাহিক রাজনৈতিক উদ্যোগের পাশাপাশি সাংস্কৃতিক কর্মসূচি ও বিস্তৃত অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন সার্কের বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার। সাক্ষাৎকালে তিনি সার্কের বর্তমান পরিস্থিতি ও কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এ সময় শামা ওবায়েদ ইসলাম সংস্থাটিকে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে বিদায়ী মহাসচিব জানান, ২০২৬ সালের শেষ নাগাদ সার্কের উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করা হবে। সংস্থাটির ভবিষ্যৎ কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে আলোচনার সময় তিনি এ তথ্য জানান।

রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ারের দায়িত্ব পালনকালে সার্কের কার্যক্রমে যে গতি এসেছে, তার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরবর্তী মহাসচিবের সময়েও এই অগ্রগতি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আলোচনায় উভয় পক্ষ উন্নয়ন সহযোগীদের সহায়তা নিয়ে সার্কের নিয়মিত কার্যক্রম ও বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার বিষয়টিও উঠে আসে।

দক্ষিণ এশিয়ার মানুষের কল্যাণ ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ১৯৮৫ সালের ডিসেম্বরে নেপালের কাঠমাণ্ডুতে সদর দপ্তর স্থাপনের মাধ্যমে সার্ক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংস্থাটির সদস্য আটটি দেশ।

তবে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ ও পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতার কারণে সার্কের কার্যক্রম দীর্ঘ সময় ধরে স্থবির হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে সংস্থাটিকে পুনরায় সক্রিয় করতে বাংলাদেশের পক্ষ থেকে রাজনৈতিক, সাংস্কৃতিক ও বহুপক্ষীয় উদ্যোগের ওপর জোর দেওয়া হচ্ছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে