ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬

শেষ পর্যন্ত ভেঙে দেওয়া হলো ‘মিজানের ভাতের হোটেল’

২০২৬ আগস্ট ১৭ ১১:২৪:৫৭
শেষ পর্যন্ত ভেঙে দেওয়া হলো ‘মিজানের ভাতের হোটেল’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া ‘মিজানের ভাতের হোটেল’ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ফুটপাত ও সড়কের জায়গা দখল করে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনার অভিযোগে হোটেলটির অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে আগারগাঁও এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মিজানের হোটেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযানে কাফরুল থানা পুলিশ সহযোগিতা করে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশের তথ্য অনুযায়ী, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে কাফরুল এলাকার মূল সড়ক ও ফুটপাতের জায়গা দখল করে অস্থায়ী কাঠামো তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

এতে পথচারীদের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি সড়কে যানজটেরও সৃষ্টি হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।ডিএনসিসির ফুটপাত দখলমুক্ত করার অভিযানের অংশ হিসেবে এসব অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মিজানের ভাতের হোটেলও উচ্ছেদ করা হয়েছে।

এর আগে গত ১০ আগস্ট আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় পুলিশের এক সদস্যকে বোতল দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই সময় মিজানুর রহমানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মিজানের খাবার পরিবেশন এবং স্বল্পমূল্যে ভাত-মাংস বিক্রির বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ার পর অল্প সময়ের মধ্যেই ‘মিজানের ভাতের হোটেল’ ব্যাপক পরিচিতি লাভ করে।

বিশেষ করে মাত্র ১০০ টাকায় ভাত-মাংসসহ খাবার দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কম দামে খাবার পরিবেশনের কারণে অনেকের কাছে হোটেলটি জনপ্রিয় হয়ে ওঠে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে খাবার খেতে যেতেন।

তবে জনপ্রিয়তার পাশাপাশি ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগও সামনে আসে।

স্বল্পমূল্যে খাবার বিক্রির কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পেলেও সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগের বিষয়টি আলাদাভাবে দেখেছে কর্তৃপক্ষ।

ডিএনসিসির অভিযানের পর সেই ভাইরাল খাবারের দোকানের অস্থায়ী স্থাপনা আর থাকছে না। ফলে ১০০ টাকায় খাবার বিক্রির কারণে পরিচিত হয়ে ওঠা ‘মিজানের ভাতের হোটেল’-এর আগারগাঁও অধ্যায়ের আপাতত ইতি ঘটেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে