ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

ভাইরাল মেসেজ নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম

২০২৬ আগস্ট ০৭ ১১:৪৫:৫১
ভাইরাল মেসেজ নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জুলাই দিবস উপলক্ষে বিভিন্ন ব্যক্তিকে পাঠানো ব্যক্তিগত বার্তা (মেসেজ) নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়; বরং জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি ব্যক্তিগত উদ্যোগ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু রাজনৈতিক দল বা নেতাকর্মীদের আন্দোলন ছিল না। বরং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণেই এই আন্দোলন সফল হয়েছিল।

তিনি লেখেন, আন্দোলনের সময় এমন অসংখ্য মানুষ তার জন্য দোয়া করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন জানিয়েছেন, আহতদের সহায়তা করেছেন এবং নানাভাবে পাশে দাঁড়িয়েছেন—যাদের অধিকাংশের সঙ্গেই তার ব্যক্তিগত পরিচয় নেই।

নাহিদ ইসলামের ভাষ্য, আন্দোলনের পর এসব সাধারণ মানুষ আবার নিজ নিজ জীবনে ফিরে গেছেন। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন, তবে জুলাইয়ের আন্দোলনের সাফল্যে তাদের অবদান ছিল গুরুত্বপূর্ণ।

তিনি জানান, সেই মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাবনা থেকেই গত দুই দিনে যতটা সম্ভব ব্যক্তিগতভাবে বার্তা পাঠিয়েছেন। অনেকেই সেই বার্তা পেয়েছেন, আবার কারও মেসেজ স্প্যাম ফোল্ডারে চলে যেতে পারে বা মেসেজ গ্রহণের সুযোগ বন্ধ থাকায় অনেকের কাছে বার্তা পৌঁছানো সম্ভব হয়নি।

স্ট্যাটাসে তিনি বলেন, তার ইচ্ছা ছিল জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেক মানুষের কাছে কৃতজ্ঞতার বার্তা পৌঁছে দেওয়া। তবে বাস্তব সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। যারা বার্তা পাননি, তাদের প্রতিও তিনি দুঃখ প্রকাশ করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই-পরবর্তী সময়ে মানুষের অনেক প্রত্যাশা এখনো পূরণ হয়নি এবং পরিবর্তনের পথও অনেক বাকি। সীমাবদ্ধতা স্বীকার করে তিনি দাবি করেন, নানা বাধার মধ্যেও তারা নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও সেই লক্ষ্যেই কাজ করবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে