ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

সহপাঠীদের ব্যক্তিগত ছবি বিদেশে পাঠানোর অভিযোগে উত্তাল ইবি

২০২৬ আগস্ট ০৭ ১১:২৫:৫৩
সহপাঠীদের ব্যক্তিগত ছবি বিদেশে পাঠানোর অভিযোগে উত্তাল ইবি

নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই-৩৬’ হলের এক আবাসিক ছাত্রীর বিরুদ্ধে অন্তত ১০ জন সহপাঠীর ব্যক্তিগত ও আপত্তিকর ছবি গোপনে তুলে বিদেশে অবস্থানরত এক ব্যক্তির কাছে পাঠানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে বিষয়টি জানাজানি হলে হলের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, অভিযুক্ত ছাত্রীর সঙ্গে লন্ডনে অবস্থানরত আবিদ নামে এক ব্যক্তির ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাকে বিভিন্ন সময় সন্তুষ্ট করতে হলের কক্ষে থাকা সহপাঠীদের অসতর্ক অবস্থার ছবি গোপনে তুলে পাঠানো হতো বলে অভিযোগ করেন তারা।

অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে ওই ব্যক্তির সঙ্গে অভিযুক্ত ছাত্রীর সম্পর্কের অবনতি হলে তিনি মেসেঞ্জারের মাধ্যমে কিছু ছবি হলের অন্য শিক্ষার্থীদের কাছে পাঠিয়ে দেন। এরপর ভুক্তভোগীরা তার সঙ্গে যোগাযোগ করলে তিনি দাবি করেন, এসব ছবি অভিযুক্ত ছাত্রীই তাকে পাঠিয়েছিলেন।

হলের শিক্ষার্থীরা জানান, আবাসিক হলকে নিরাপদ স্থান মনে করে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করেন। কিন্তু তাদের অজান্তে ঘুমন্ত অবস্থায় বা ব্যক্তিগত মুহূর্তে ছবি তোলা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। এতে ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান।

শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে অভিযুক্ত ছাত্রী নিজের ভুল স্বীকার করেছেন বলে অভিযোগকারীদের দাবি। তার ভাষ্য অনুযায়ী, কোনো খারাপ উদ্দেশ্যে নয়, বরং ‘কমনসেন্সের অভাবে’ তিনি এমন কাজ করেছেন। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক তদন্ত এখনো হয়নি।

ঘটনার বিষয়ে জানতে জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে ভুক্তভোগীরা শুক্রবার হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বিষয়টিকে অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে বলেন, আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে