ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬

ডিএসইর চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

২০২৬ আগস্ট ০২ ১৬:৪০:০০
ডিএসইর চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা তাদের চাকরি পুনর্বহালের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ছাঁটাইয়ের পুরো প্রক্রিয়া নিয়ে নিরপেক্ষ তদন্তেরও আহ্বান জানিয়েছেন তারা।

রোববার (২ আগস্ট) এ দাবিতে মতিঝিলে ডিএসইর পুরোনো ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচিতে অংশ নিয়ে তারা অবিলম্বে চাকরিতে পুনর্বহাল এবং ছাঁটাইয়ের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দিয়ে ডিএসইর চাকরিচ্যুত উপমহাব্যবস্থাপক হোসনে আরা পারভীন বলেন, তিনি দীর্ঘদিন ধরে ডিএসইর বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন। তার হাত দিয়েই প্রতিষ্ঠানের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীর নিয়োগপত্র দেওয়া হয়েছে। অথচ কর্মরত অবস্থায় হঠাৎ করেই তাকে চাকরিচ্যুতির চিঠি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে পরিচালনা পর্ষদের সঙ্গে যোগাযোগ করলে তারা এটিকে ব্যবস্থাপনার সিদ্ধান্ত বলে উল্লেখ করেন। অন্যদিকে ব্যবস্থাপনার পক্ষ থেকে বলা হয়, এটি পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত। আর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিষয়টিকে ডিএসইর অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে। এ অবস্থায় তারা কোথায় যাবেন—এ প্রশ্নও তোলেন তিনি।

ডিএসইর আরেক উপমহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক বলেন, চাকরিতে বহাল থাকা অবস্থায় কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তাই নয়, তাদের দাপ্তরিক নেটওয়ার্ক থেকেও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তবে কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

তিনি জানান, চাকরি পুনর্বহালের আবেদন করলেও কর্তৃপক্ষ শুধু জানিয়েছে যে, তা সম্ভব নয়। প্রায় ৩০ বছর ধরে ডিএসইতে কর্মরত থাকলেও এর আগে এমন ঘটনার নজির তিনি কখনও দেখেননি বা শোনেননি।

মানববন্ধনে বক্তব্য দেন ডিএসইর উপমহাব্যবস্থাপক আব্দুল লতিফ। তিনি বলেন, সহকর্মীদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করার প্রতিবাদেই তারা আন্দোলনে নেমেছেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে প্রধান উপদেষ্টা, অর্থসচিব এবং বিএসইসির কাছে আবেদনও করা হয়েছে।

আব্দুল লতিফের দাবি, এখন পর্যন্ত ১৭ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া আরও ১৪০ জনের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ধাপে ধাপে তাদেরও চাকরিচ্যুত করা হতে পারে।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান কর্মকর্তাদের বাদ দিয়ে পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়ার উদ্দেশ্যেই এই প্রক্রিয়া চালানো হচ্ছে। প্রথমে তারা ধারণা করেছিলেন, ব্যয় সংকোচনের অংশ হিসেবেই ছাঁটাই করা হচ্ছে। তবে পরবর্তীতে নতুন নিয়োগ কার্যক্রম শুরু হওয়ায় সেই ধারণা আর সঠিক বলে মনে করছেন না।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে