ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬

তিন শর্তে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল

২০২৬ জুলাই ২৭ ১৮:০৯:২৬
তিন শর্তে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের পূর্বের আদেশ প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে তিনটি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে হাসপাতালটির চিকিৎসাসেবা ও অন্যান্য কার্যক্রম পুনরায় পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় হাসপাতালটির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে গঠিত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়। তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় এবং নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে কার্যক্রম পুনর্বহাল করা হয়েছে।

সরকার হাসপাতাল পরিচালনার জন্য তিনটি শর্ত আরোপ করেছে। এর মধ্যে ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। এছাড়া নির্ধারিত শর্ত লঙ্ঘন করলে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১১ জুন রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়।

সেই সময় স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা চিঠিতে বলা হয়েছিল, লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার আবেদন করার আইনি সুযোগ রয়েছে।

চিঠির বিষয় ছিল ‘আদ্-দ্বীন হাসপাতাল, ২ বড় মগবাজার, ঢাকা-এর কারণ দর্শানোর জবাবের পরিপ্রেক্ষিতে প্রদত্ত সিদ্ধান্ত’। সেখানে উল্লেখ করা হয়, গত ২৭ মে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ৪ জুন হাসপাতাল কর্তৃপক্ষকে ‘লাইসেন্স কেন বাতিল করা হবে না’— এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ৭ জুন বিকেল ৫টার মধ্যে জবাব দিতে বলা হয়।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পর জবাব দেওয়ার সময়সীমা ৯ জুন বিকেল ৫টা পর্যন্ত বাড়ানো হয়। তবে ওই দিন জমা দেওয়া ব্যাখ্যা ও জবাব কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওয়ায় ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২’-এর ১১(২)(খ) ধারা অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছিল। এখন তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে হাসপাতালটির কার্যক্রম পুনর্বহালের অনুমতি দেওয়া হয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে