ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬

আর্থিক সংকট সামলাতে ভবন ভাড়া দিয়ে আয় করবে ন্যাশনাল ব্যাংক

২০২৬ জুলাই ২৭ ১২:৩২:২৫
আর্থিক সংকট সামলাতে ভবন ভাড়া দিয়ে আয় করবে ন্যাশনাল ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : আর্থিক সংকট কাটিয়ে উঠতে রাজধানীর কারওয়ান বাজারে নির্মাণাধীন টুইন টাওয়ার প্রকল্পের একটি ভবন বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়ার অনুমোদন পেয়েছে ন্যাশনাল ব্যাংক। বিশেষ বিবেচনায় বাংলাদেশ ব্যাংক এ অনুমতি দিয়েছে। দেশের কোনো ব্যাংকের ক্ষেত্রে ভবন ভাড়া দিয়ে নিয়মিত আয় করার জন্য এ ধরনের অনুমোদন এটিই প্রথম বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, ১২ তলাবিশিষ্ট দুটি ভবন নিয়ে নির্মিত টুইন টাওয়ার প্রকল্পের একটি ভবনে ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয় স্থানান্তর করা হবে। অপর ভবনটি বাণিজ্যিকভাবে ভাড়া দিয়ে স্থায়ী আয়ের একটি উৎস তৈরি করার পরিকল্পনা করেছে ব্যাংকটি। এ খাত থেকে অর্জিত আয় ব্যাংকের আর্থিক সক্ষমতা পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিদ্যমান ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, ব্যাংকের জন্য ভবন ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনার সুযোগ নেই। এ কারণে সরকারের অনুমোদন সাপেক্ষে বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংককে সংশ্লিষ্ট আইনি বিধান থেকে বিশেষ অব্যাহতি দিয়েছে, যার ফলে ব্যাংকটি ভবনটি বাণিজ্যিকভাবে ভাড়া দিতে পারবে।

বর্তমানে ন্যাশনাল ব্যাংকের মোট ঋণের ৫৬ দশমিক ৪৪ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে, যার পরিমাণ প্রায় ২৪ হাজার কোটি টাকা। এছাড়া ব্যাংকটির নিরাপত্তা সঞ্চিতির (প্রভিশন) ঘাটতি রয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা। ২০২৪ অর্থবছরে ব্যাংকটির লোকসানের পরিমাণ ছিল ১ হাজার ৭০৬ কোটি টাকা এবং এখনো সেই লোকসান কাটিয়ে উঠতে পারেনি।

২০১৪ সালে টুইন টাওয়ার প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়। এ প্রকল্পে এখন পর্যন্ত নির্মাণ ব্যয় ৫০০ কোটি টাকার বেশি হয়েছে। বর্তমানে টাওয়ার-১ ব্যবহারের উপযোগী করে তোলার কাজ শেষ পর্যায়ে রয়েছে। নতুন ভবনে প্রধান কার্যালয় স্থানান্তর করা হলে বর্তমান কার্যালয়ের জন্য প্রতি মাসে পরিশোধ করা প্রায় আড়াই কোটি টাকা ভাড়াও সাশ্রয় হবে, যা ব্যাংকের ব্যয় কমাতে সহায়ক হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে