ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬

বিএসইসি ও আইডিআরএ আইনে সংশোধন

২০২৬ জুলাই ২৭ ১৬:৫৩:৫০
বিএসইসি ও আইডিআরএ আইনে সংশোধন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ও কমিশনার/সদস্য পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সর্বোচ্চ বয়সসীমা বাতিলের লক্ষ্যে জাতীয় সংসদে পৃথক দুটি সংশোধনী বিল উত্থাপন করা হয়েছে।

মঙ্গলবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সংসদে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করেন। পরে বিল দুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য জাতীয় সংসদের একটি বিশেষ কমিটিতে পাঠানো হয়। কমিটিকে আগামীকাল বুধবারের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর- বাসস।

প্রস্তাবিত সংশোধনী পাস হলে বিএসইসি ও আইডিআরএর চেয়ারম্যান পদে যে কোনো বয়সের ব্যক্তিকে নিয়োগ দেওয়ার সুযোগ সৃষ্টি হবে।

বর্তমান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন অনুযায়ী, কোনো ব্যক্তির বয়স ৬৫ বছর পূর্ণ হলে তিনি বিএসইসির চেয়ারম্যান বা কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্য থাকেন না এবং ওই পদে বহালও থাকতে পারেন না। নতুন সংশোধনী বিলে এ বিধানটি বাতিলের প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে, বিদ্যমান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আইন অনুযায়ী, কোনো ব্যক্তি ৬৭ বছর বয়স পূর্ণ করলে তিনি আইডিআরএর চেয়ারম্যান বা সদস্য হিসেবে দায়িত্ব পালন বা নতুন করে নিয়োগ পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হন। সংসদে উত্থাপিত সংশোধনী বিলে এ বিধানও বিলুপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে।

বিল দুটির উদ্দেশ্য ও কারণ সম্পর্কিত পৃথক বিবৃতিতে বলা হয়েছে, অভিজ্ঞ, দক্ষ ও জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বে নিয়োগ দেওয়ার সুযোগ নিশ্চিত করতে বিদ্যমান আইনগুলোকে সময়োপযোগী করা প্রয়োজন।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে