ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬

মুক্তিযোদ্ধাদের আর্থিক সুবিধা বাড়াল সরকার

২০২৬ জুলাই ২৭ ১৬:২৯:২৩
মুক্তিযোদ্ধাদের আর্থিক সুবিধা বাড়াল সরকার

নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা ও বিভিন্ন আর্থিক অনুদানের পরিমাণ বৃদ্ধি করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন ভাতার হার ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮ এবং সংশ্লিষ্ট বিধিমালার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং কল্যাণমূলক সুবিধা সম্প্রসারণের লক্ষ্যেই ভাতা ও অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা প্রতি মাসে ৩০ হাজার টাকা সম্মানি ভাতা পাবেন। এছাড়া উৎসব ভাতা ১০ হাজার টাকা, মহান বিজয় দিবস উপলক্ষে ৫ হাজার টাকা এবং বাংলা নববর্ষে ২ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

অন্যদিকে, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা। তাঁদের ক্ষেত্রেও উৎসব ভাতা ১০ হাজার টাকা, বিজয় দিবস ভাতা ৫ হাজার টাকা এবং বাংলা নববর্ষ উপলক্ষে ২ হাজার টাকা দেওয়া হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবার প্রতি মাসে ২৩ হাজার টাকা সম্মানি ভাতা পাবে। পাশাপাশি চিকিৎসা ভাতা হিসেবে ২ হাজার টাকা এবং খাদ্য ভাতা হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া উৎসব ভাতা ২ হাজার টাকা এবং বাংলা নববর্ষ উপলক্ষে আরও ২ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের অক্ষমতার মাত্রা অনুযায়ী চারটি শ্রেণিতে ভাতার হার নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ‘ক’ শ্রেণির (৯৬–১০০ শতাংশ অক্ষম) মুক্তিযোদ্ধারা মাসিক ৩০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির (৬১–৯৫ শতাংশ) ২৮ হাজার টাকা, ‘গ’ শ্রেণির (২০–৬০ শতাংশ) ২৩ হাজার টাকা এবং ‘ঘ’ শ্রেণির (১–১৯ শতাংশ) ২০ হাজার টাকা সম্মানি ভাতা পাবেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ডা. মু. আসাদুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের বীর সন্তান ও তাঁদের পরিবারের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদারে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সর্বশেষ ভাতা ও অনুদান বৃদ্ধি সেই ধারাবাহিক উদ্যোগেরই অংশ।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে