ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ভারতের আমন্ত্রণে নতুন বার্তা, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী

২০২৬ জুলাই ২৩ ২০:১৯:৪৪
ভারতের আমন্ত্রণে নতুন বার্তা, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিষয়টি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভারতের পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক দেশ ভারত। ব্রিকসের সদস্য দেশগুলোর পাশাপাশি আয়োজক দেশ হিসেবে ভারত বিভিন্ন অ-সদস্য দেশকেও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে পারে।

সেই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ব্রিকসের মতো বহুপাক্ষিক প্ল্যাটফর্মে বাংলাদেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো আঞ্চলিক সহযোগিতা, অর্থনীতি ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

ব্রিকস বর্তমানে উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি গুরুত্বপূর্ণ জোট, যেখানে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, উন্নয়ন ও বৈশ্বিক রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ ব্রিকসের পূর্ণ সদস্য না হলেও বিভিন্ন সময়ে জোটটির কার্যক্রমে আগ্রহ দেখিয়েছে এবং সহযোগী অংশীদার হিসেবে সম্পর্ক বজায় রাখছে।

সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছিল। এমন পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন অনেকে।

তবে এই সফর নিয়ে এখনো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত বা অংশগ্রহণের ঘোষণা দেওয়া হয়নি।

এদিকে ভারতে চলমান ছাত্র আন্দোলন নিয়ে বাংলাদেশের কোনো উদ্বেগ আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক—এটাই প্রত্যাশা করে।

তিনি বলেন, “বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত তাদের জনগণের পরিস্থিতি বিবেচনায় নিয়ে সমস্যার দ্রুত সমাধানের দিকে এগিয়ে যাবে—এটাই আমরা আশা করি।”

তারেক রহমান ব্রিকস সম্মেলনে অংশ নিলে এটি হবে নতুন সরকারের আমলে ভারত সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা। সম্মেলনের পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠক, বাণিজ্য, সীমান্ত, আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে