ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬

ফিফা সভাপতিকে নিয়ে ট্রাম্পের নতুন ইচ্ছা, বিশ্বজুড়ে চাঞ্চল্য

২০২৬ জুলাই ২২ ১১:০৩:৪৮
ফিফা সভাপতিকে নিয়ে ট্রাম্পের নতুন ইচ্ছা, বিশ্বজুড়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দেখতে চান বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট। তবে এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানায়, ট্রাম্প মনে করেন ইনফান্তিনো বিশ্বজুড়ে সম্মানিত একজন ব্যক্তি এবং মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলার বিশেষ সক্ষমতা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৫৬ বছর বয়সী সুইজারল্যান্ডে জন্ম নেওয়া জিয়ান্নি ইনফান্তিনো চলতি বছরের বিশ্বকাপ চলাকালে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। এ সময় ইনফান্তিনো ট্রাম্পকে ফিফার উদ্বোধনী ‘পিস প্রাইজ’ প্রদান করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হলে তার উত্তরসূরি ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন।

জাতিসংঘ সনদের ৯৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, মহাসচিব নিয়োগের ক্ষেত্রে প্রথমে নিরাপত্তা পরিষদের সুপারিশ প্রয়োজন। ১৫ সদস্যের পরিষদের সমর্থন পাওয়ার পাশাপাশি স্থায়ী পাঁচ সদস্যের কোনো দেশের ভেটো না থাকলে প্রস্তাবটি সাধারণ পরিষদে যায়। এরপর জাতিসংঘ সাধারণ পরিষদের অনুমোদনের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত হয়।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, ট্রাম্প দীর্ঘদিন ধরে বড় আন্তর্জাতিক সংকট মোকাবিলায় জাতিসংঘের ভূমিকার সমালোচনা করে আসছেন। ক্ষমতায় ফিরে তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের অর্থায়ন উল্লেখযোগ্যভাবে কমিয়েছেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-সহ জাতিসংঘ-সংশ্লিষ্ট কয়েকটি সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছেন।

উল্লেখ্য, ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার, ফিফা বা জাতিসংঘের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য প্রকাশ করা হয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে