ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

শুধু গালি দিলেই অশ্লীলতা নয়, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের

২০২৬ জুলাই ২০ ১৬:৪২:১৬
শুধু গালি দিলেই অশ্লীলতা নয়, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিবেদক: শুধু গালাগাল, কটু ভাষা বা অশালীন শব্দ ব্যবহার করলেই তা আইনের দৃষ্টিতে অশ্লীলতা হিসেবে গণ্য হবে না বলে রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।শুক্রবার (১৭ জুলাই) বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি বিপুল এম. পাঞ্চোলির বেঞ্চ এক মামলার রায়ে এ পর্যবেক্ষণ দেন।

রায়ে আদালত বলেন, গালাগাল, কুরুচিপূর্ণ বা আপত্তিকর ভাষা ব্যবহার যতই অশোভন হোক না কেন, তা স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় দণ্ডবিধির ২৯৪(খ) ধারার অধীনে অশ্লীলতার অপরাধ হিসেবে বিবেচিত হবে না।

আদালত আরও বলেন, এ ধারায় অপরাধ প্রমাণ করতে হলে দেখাতে হবে যে জনসমক্ষে ওই আচরণের কারণে অন্যদের বিরক্তি, উৎকণ্ঠা বা অসন্তোষ সৃষ্টি হয়েছে। আলোচিত মামলায় এমন কোনো প্রমাণ আদালতের সামনে উপস্থাপন করা হয়নি।

বেঞ্চের পর্যবেক্ষণে বলা হয়, অভিযোগকারী বা অন্য কোনো ব্যক্তি জনসমক্ষে ব্যবহৃত ভাষার কারণে বিরক্ত হয়েছেন—এমন কোনো নির্দিষ্ট দাবি বা প্রমাণও পাওয়া যায়নি। ফলে ভারতীয় দণ্ডবিধির ২৯৪(খ) ধারায় অপরাধের প্রয়োজনীয় উপাদান এ ক্ষেত্রে পূরণ হয়নি।

মামলাটি ২০১৭ সালের আগস্টে তামিলনাড়ুর একটি কৃষিজমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দায়ের করা হয়। প্রথমে আবেদনকারী ও তার ভগ্নিপতির মধ্যে বিরোধের সৃষ্টি হয়। দুই দিন পর একই জমি নিয়ে অভিযোগকারীর ভাতিজার সঙ্গে আবারও বাগ্‌বিতণ্ডায় জড়ান আবেদনকারী।

অভিযোগে বলা হয়, বিরোধ মেটাতে অভিযোগকারী এগিয়ে এলে আবেদনকারী তাকে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং জাতিগত বিদ্বেষমূলক মন্তব্য করেন।

এর আগে ট্রায়াল কোর্ট আবেদনকারীকে ভারতীয় দণ্ডবিধির ২৯৪(খ), ৩২৬ এবং ৫০৬(২) ধারাসহ তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (নির্যাতন প্রতিরোধ) আইনের বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করেন। পরে হাইকোর্টও সেই রায় বহাল রাখে।

তবে সুপ্রিম কোর্ট ২৯৪(খ) ধারার ব্যাখ্যা দিতে গিয়ে স্পষ্ট করেন, কেবল কটু ভাষা ব্যবহার করাই অশ্লীলতার অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট নয়; আইনে নির্ধারিত অন্যান্য উপাদানও প্রমাণ করতে হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে