ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

নবম পে-স্কেল নিয়ে সিদ্ধান্তহীনতা, জানা গেল বিলম্বের আসল কারণ

২০২৬ জুলাই ১৬ ০৯:৩৩:৫৩
নবম পে-স্কেল নিয়ে সিদ্ধান্তহীনতা, জানা গেল বিলম্বের আসল কারণ

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। পে-স্কেল বাস্তবায়নসংক্রান্ত সুপারিশমালা এখনো চূড়ান্ত করতে পারেনি মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের সচিব কমিটি। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকেও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদিও নতুন পে-স্কেল ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি এবং পরবর্তী অর্থবছরগুলোতে পর্যায়ক্রমে বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধা কার্যকর করার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। বৈঠকে সরকারের আর্থিক সক্ষমতা, বাস্তবায়ন কৌশল, প্রশাসনিক জটিলতা এবং সফটওয়্যার হালনাগাদের বিষয়গুলো পর্যালোচনা করা হয়েছে। তবে সুপারিশ চূড়ান্ত না হওয়ায় আগামী সপ্তাহে সচিব কমিটি আবার বৈঠকে বসবে।

অর্থ বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এমন একটি কাঠামো প্রণয়নের চেষ্টা চলছে যাতে সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধির সুবিধা পান, একই সঙ্গে সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপও না পড়ে।

এদিকে নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ১২ জুলাই থেকে ঢাকা সফররত আইএমএফ প্রতিনিধি দল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকে বড় পরিসরে বেতন বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলে। সংস্থাটির মতে, পর্যাপ্ত অর্থের উৎস নিশ্চিত না করে একযোগে পুরো পে-স্কেল বাস্তবায়ন করা হলে অর্থনীতিতে অতিরিক্ত অর্থের প্রবাহ সৃষ্টি হতে পারে। এতে মূল্যস্ফীতির চাপ আরও বাড়ার পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতেও নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

বুধবারের বৈঠকে প্রস্তাবিত ২০টি গ্রেড নিয়েও আলোচনা হয়েছে। গ্রেডের সংখ্যা বা কাঠামোতে কোনো পরিবর্তনের সুযোগ রয়েছে কি না, সে বিষয়েও মতামত উঠে আসে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার নতুন পে-স্কেলের ভিত্তি তৈরি করে গেলেও বর্তমান সরকার এটি বাস্তবায়নে নীতিগতভাবে আগ্রহী। এ লক্ষ্যে চলতি বাজেটে বেতন-ভাতা খাতে ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন জাতীয় বেতন কমিশন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে