ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা

২০২৬ জুলাই ১৫ ২১:১২:০০
শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা দ্বিতীয় দফায় নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন। বুধবার রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি থেকে তারা ঘোষণা দেন, রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে পরদিন আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

আন্দোলনকারীদের পক্ষে জুনায়েদ জানান, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ব্লকেড কর্মসূচি শুরু হবে। পরে সেখান থেকে আন্দোলনকারীরা সচিবালয়ের উদ্দেশে অগ্রসর হবেন। এ ঘোষণা দেওয়ার পর শাহবাগের কর্মসূচি শেষ করে আন্দোলনকারীরা স্থান ত্যাগ করেন।

তিন দফা দাবিতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এর আগে দুপুরে সায়েন্সল্যাব এলাকায় প্রায় আধাঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধের পর তারা সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন। পরে শিক্ষাভবন মোড়ে প্রায় দুই ঘণ্টা অবস্থান শেষে সন্ধ্যায় শাহবাগে গিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। রাত সাড়ে ৭টার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তারা শাহবাগ ছাড়েন।

শাহবাগে অবস্থানরত মাইলস্টোন কলেজের শিক্ষার্থী ওসমান গনী বলেন, মঙ্গলবার থেকে তারা আন্দোলন চালিয়ে এলেও এখন পর্যন্ত দাবিগুলোর কোনো সমাধান হয়নি। এ কারণে সায়েন্সল্যাব থেকে শিক্ষাভবন এবং পরে শাহবাগ মোড়ে এসে তারা অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেছেন।

তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলনের কোনো প্রতিনিধি নেই উল্লেখ করে তিনি জানান, তারা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দেখা করতে যাবেন না; বরং সংশ্লিষ্টদেরই রাস্তায় এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে হবে। অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে