ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬

এবার ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে নোটিশ

২০২৬ জুলাই ১৫ ১১:৩০:১২
এবার ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে নোটিশ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর একটি সড়কে গর্তে পড়ে ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ও সড়ক বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলীর কাছে আইনি নোটিশ পাঠানো হচ্ছে।

নোটিশে ক্ষতিগ্রস্ত গাড়ি মেরামতে ব্যয় হওয়া ৯১ হাজার টাকা সাত দিনের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে পরিশোধের দাবি জানানো হবে বলে জানা গেছে।আগামীকাল বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী খালেদ মাহমুদ রায়হানের পক্ষে আইনজীবী মো. মীর হাসান বাবলু এই নোটিশ পাঠাবেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, খালেদ মাহমুদ রায়হান নগরীর মুরাদপুর সংলগ্ন মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন সড়কগুলোর সংস্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হলেও মুরাদপুর ফ্লাইওভারের মুখে দীর্ঘদিন ধরে সড়কের কার্পেটিং নষ্ট হয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে।

অভিযোগে বলা হয়, এসব গর্তের কারণে নিয়মিত যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হলেও দীর্ঘদিনেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

নোটিশ অনুযায়ী, গত মঙ্গলবার (১৪ জুলাই) সকালে হোন্ডা ভেজেল গাড়ি নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় একটি বড় গর্তে গাড়ির চাকা পড়ে যায়। এতে গাড়ির চাকা ফেটে যাওয়ার পাশাপাশি মাডগার্ড, এক্সেল, বাম্পার, সাসপেনশন, স্টিয়ারিং র‌্যাক বক্স, হ্যাঙ্গার ও গাড়ির রংসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

গাড়িটি মেরামত করতে প্রায় ৯১ হাজার টাকা খরচ হয়েছে বলে নোটিশে দাবি করা হয়েছে। এছাড়া গাড়ি ব্যবহার করতে না পারায় নিয়মিত যাতায়াতেও ভোগান্তি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

আইনি নোটিশে বলা হয়েছে, সড়ক যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করার কারণে এই ক্ষয়ক্ষতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর বর্তায়। তাই নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ক্ষতিপূরণের অর্থ পরিশোধের আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে আইনজীবী মো. মীর হাসান বাবলু বলেন, ভুক্তভোগী মঙ্গলবার সকাল ৬টার দিকে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় গর্তে পড়ে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে চসিক মেয়র ও সড়ক বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলীর কাছে আইনি নোটিশ পাঠানো হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে