ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬

শেয়ার কারসাজিতে ১,৪৯৭ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি: অর্থমন্ত্রী

২০২৬ জুলাই ১২ ২০:৩৪:৫৪
শেয়ার কারসাজিতে ১,৪৯৭ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে সংঘটিত অনিয়ম ও কারসাজির বিরুদ্ধে নেওয়া বিভিন্ন পদক্ষেপের চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগের সরকারের সময় সংঘটিত নানা অনিয়মের ঘটনায় ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মোট ১ হাজার ৪৯৭ কোটি টাকা অর্থদণ্ড আরোপ করেছে।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, বেক্সিমকো গ্রুপের শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৪২৮ কোটি টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের অভিযোগে কয়েকটি ব্রোকারেজ প্রতিষ্ঠানের ট্রেডিং লাইসেন্স বাতিল করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

বিদেশে অর্থ পাচারের বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের অর্থ লুট করে যারা বিদেশে পাচার করেছে, তাদের আইনের আওতায় আনতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন।

তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণপ্রাপ্তির সুযোগ বাড়ানোর উদ্যোগের কথাও সংসদে তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের আকার ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই তহবিলের আওতায় নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং জামানতের বিপরীতে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত স্বল্পসুদে ঋণ গ্রহণের সুযোগ পাবেন।

কৃষি খাতে সরকারের সহায়তার বিষয়েও তথ্য তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত মূল কৃষিঋণ সুদসহ মওকুফ কর্মসূচির আওতায় সরকার ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের হয়ে ব্যাংকগুলোর কাছে মোট ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা পরিশোধ করেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে