ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬

বন্যায় মৃত্যু বেড়ে ৫১, সাত জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ

২০২৬ জুলাই ১২ ১৬:৩৫:০৫
বন্যায় মৃত্যু বেড়ে ৫১, সাত জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ

নিজস্ব প্রতিবেদক: টানা ভারী বৃষ্টি, উজান থেকে নেমে আসা ঢল এবং পাহাড়ধসের কারণে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের সাত জেলার বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, বন্যা ও বন্যাসংশ্লিষ্ট ঘটনায় এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৯ জন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় এখন পর্যন্ত ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই সাত জেলার ৫৮টি উপজেলা, ৩৮৬টি ইউনিয়ন এবং ১১টি পৌরসভা বন্যাকবলিত হয়েছে। দুর্গত মানুষের জন্য ১ হাজার ১৩১টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। বর্তমানে ৪৪ হাজার ৪৫৭ জন সেখানে আশ্রয় নিয়েছেন।

প্রাণহানির দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কক্সবাজার। জেলাটিতে ২৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা। এছাড়া সেখানে ২৪ জন আহত হয়েছেন এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন।

এ ছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে চট্টগ্রাম জেলা। জেলার ১৬টি উপজেলায় প্রায় ৫ লাখ ৯৫ হাজার মানুষ বন্যাকবলিত হয়েছেন এবং প্রায় ১ লাখ ৪৭ হাজার ৫০০ পরিবার পানিবন্দি রয়েছে। অন্যদিকে কক্সবাজারে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১ লাখ ৫৮ হাজারের বেশি।

বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সাতটি ক্ষতিগ্রস্ত জেলার জন্য এখন পর্যন্ত ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়া দেশের ৬৪ জেলার জন্য জরুরি সহায়তা নিশ্চিত করতে ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ মেট্রিক টন চাল বরাদ্দ রাখা হয়েছে, যাতে প্রয়োজন অনুযায়ী দ্রুত সহায়তা দেওয়া যায়।

মন্ত্রণালয় জানিয়েছে, জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো যৌথভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। দুর্গত এলাকায় শুকনো খাবার, চাল, নগদ অর্থসহ প্রয়োজনীয় জরুরি ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে