ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য

২০২৬ জুলাই ১০ ১৮:২৩:০১
প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ অর্থবছরে দেশে ব্যাংকিং চ্যানেলে রেকর্ড ৩৫.৫৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের ৩০.৩০ বিলিয়ন ডলার থেকে ১৭.৩ শতাংশ বেশি। এই প্রবৃদ্ধির মধ্যেও প্রবাসী আয় সংগ্রহে আবারও শীর্ষস্থান ধরে রেখেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সদ্যসমাপ্ত অর্থবছরে ইসলামী ব্যাংক একাই ৬.৮৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স সংগ্রহ করেছে। দেশের মোট রেমিট্যান্সের বড় অংশ সংগ্রহ করে টানা শীর্ষ অবস্থান ধরে রাখে ব্যাংকটি।

এবার বড় অগ্রগতি দেখিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত এ ব্যাংক ৪.১০ বিলিয়ন ডলার রেমিট্যান্স সংগ্রহ করে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে ২.৯৭ বিলিয়ন ডলার সংগ্রহ করে তৃতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।

গত অর্থবছরের তুলনায় কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক—উভয়েরই উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে কৃষি ব্যাংক ২.১১ বিলিয়ন ডলার সংগ্রহ করে চতুর্থ এবং ব্র্যাক ব্যাংক ২.০৫ বিলিয়ন ডলার নিয়ে পঞ্চম অবস্থানে ছিল। একই সময়ে ইসলামী ব্যাংক ৪.৯৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স সংগ্রহ করে শীর্ষে ছিল।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রপ্তানি আয় কিছুটা চাপে থাকলেও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বাণিজ্য ঘাটতি এবং চলতি হিসাবের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়েছে। তবে আগের অর্থবছরে রেমিট্যান্স প্রবৃদ্ধি ছিল প্রায় ২৭ শতাংশ, যা এবার কমে ১৭.৩ শতাংশে নেমে এসেছে।

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন জানান, ২০২৫-২৬ অর্থবছরে ব্যাংকটি ৮৩ হাজার ৩৬৫ কোটি টাকার সমপরিমাণ রেমিট্যান্স সংগ্রহ করেছে, যা দেশের মোট প্রবাসী আয়ের প্রায় ১৯.৩৫ শতাংশ।

তিনি বলেন, প্রবাসীদের আস্থা, বিস্তৃত আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস নেটওয়ার্ক এবং দেশব্যাপী শাখা ও এজেন্ট ব্যাংকিং সেবার কারণে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, সেলফিন, এমক্যাশ এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে তাৎক্ষণিক রেমিট্যান্স গ্রহণের সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, জর্ডান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরসহ বিভিন্ন রেমিট্যান্স হাবে ব্যাংকটির ২০ জন প্রতিনিধি প্রবাসীদের সেবা দিচ্ছেন।

বাংলাদেশ কৃষি ব্যাংকের আন্তর্জাতিক ও হিসাব বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান বলেন, ৫০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স সংগ্রহ ব্যাংকটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি জানান, প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা সার, জ্বালানি, বিদ্যুৎসহ বিভিন্ন প্রয়োজনীয় সরকারি আমদানির অর্থায়নে ব্যবহৃত হচ্ছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রেমিট্যান্স সংগ্রহে চতুর্থ স্থানে ট্রাস্ট ব্যাংক (২.৫০ বিলিয়ন ডলার), পঞ্চম স্থানে অগ্রণী ব্যাংক (২.৪৮ বিলিয়ন ডলার) এবং ষষ্ঠ স্থানে জনতা ব্যাংক (২.০৮ বিলিয়ন ডলার) রয়েছে।

এ ছাড়া সিটি ব্যাংক ১.১২ বিলিয়ন ডলার, ডাচ্-বাংলা ব্যাংক ১.০৯ বিলিয়ন ডলার, ইস্টার্ন ব্যাংক ১.০৭ বিলিয়ন ডলার এবং পূবালী ব্যাংক ১.০৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স সংগ্রহ করেছে। অন্যান্য ব্যাংক মিলিয়ে সংগ্রহ হয়েছে ১০.২২ বিলিয়ন ডলার।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে