ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২৬

ভোট দিলেন না শাকিব, জানা গেল আসল কারণ

২০২৬ জুলাই ০৪ ১৭:২৬:২৫
ভোট দিলেন না শাকিব, জানা গেল আসল কারণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে ভোট দেননি ঢালিউড সুপারস্টার শাকিব খান। এফডিসিতে অনুষ্ঠিত নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ থাকলেও তার অনুপস্থিতি নিয়ে চলচ্চিত্রাঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনের সময় দেশে ছিলেন না শাকিব খান। নির্বাচনের আগের দিন বৃহস্পতিবার রাতেই তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ফলে শুক্রবার অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়নি তার।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, এবারের যুক্তরাষ্ট্র সফরের অন্যতম উদ্দেশ্য ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল সরাসরি মাঠে বসে উপভোগ করা। আর্জেন্টিনার সমর্থক হিসেবে নিজের প্রিয় দলের সম্ভাব্য ফাইনাল ম্যাচ দেখতে আগ্রহী শাকিব খান।

টিকিট নিশ্চিত করতে পারলে আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনাল ম্যাচে উপস্থিত থাকার পরিকল্পনা রয়েছে তার।

তবে বিশ্বকাপই সফরের একমাত্র কারণ নয়। জানা গেছে, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী হওয়ায় দেশটির অভিবাসনসংক্রান্ত নিয়ম মেনে নির্দিষ্ট সময় পরপর সেখানে অবস্থান করতে হয় শাকিব খানকে। সেই আনুষ্ঠানিকতার অংশ হিসেবেও এ সফর গুরুত্বপূর্ণ।

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অভিনেতা ও ফাইট ডিরেক্টর আরমান পেয়েছেন ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী।

উল্লেখ্য, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। টুর্নামেন্টের ফাইনাল আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে