ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার

২০২৬ জুলাই ০১ ১২:৩৫:২৯
সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত বিভিন্ন সঞ্চয় কর্মসূচির মুনাফার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ছয় মাসও আগের হারেই মুনাফা পাবেন বিনিয়োগকারীরা।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়া মুনাফার হারই ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। স্কিমভেদে সর্বোচ্চ মুনাফার হার ১১.৮২ শতাংশ থেকে ১১.৯৮ শতাংশ পর্যন্ত থাকবে।

সঞ্চয়পত্রের মুনাফার হার বছরে দুইবার নির্ধারণ করা হয়—প্রথম ধাপ ১ জানুয়ারি থেকে ৩০ জুন এবং দ্বিতীয় ধাপ ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে এবার নতুন করে কোনো পরিবর্তন আনা হয়নি।

এর আগে চলতি বছরের ১ জানুয়ারি পাঁচটি সঞ্চয় কর্মসূচির মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হলেও চার দিনের মাথায় তা বাতিল করে আগের হার পুনর্বহাল করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই-ডিসেম্বর সময়ের জন্য নতুন হার নির্ধারণের উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তে বিদ্যমান হারই বহাল রাখা হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকারী সচিব মোহাম্মদ মোবারক হোসেন বলেন, সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়েছে। ফলে বিনিয়োগকারীরা আগের হারেই মুনাফা পাবেন।

বর্তমানে সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে—৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত এবং ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগকারী। বিনিয়োগের পরিমাণ অনুযায়ী বিভিন্ন সঞ্চয় প্রকল্পে মুনাফার হার নির্ধারণ করা হয়।

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট—সব ক্ষেত্রেই আগের মুনাফার হারই বহাল থাকবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে