ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

সরকারি কর্মচারীদের বেতন নিয়ে বড় ঘোষণা

২০২৬ জুলাই ০১ ১২:১৯:২৬
সরকারি কর্মচারীদের বেতন নিয়ে বড় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য কার্যকর হলো নবম জাতীয় পে-স্কেল। নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে কার্যকর হলেও বর্ধিত বেতন কবে থেকে ব্যাংক হিসাবে জমা হবে, তা নির্ভর করবে গেজেট প্রকাশ ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ওপর।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পে-স্কেল কার্যকর হলেও প্রশাসনিক আদেশ, গেজেট প্রকাশ, সফটওয়্যারভিত্তিক হিসাব সমন্বয় এবং বেতন বিল প্রস্তুতের কারণে নতুন হারে বেতন পেতে কিছুটা সময় লাগতে পারে। গেজেট জারির পর বকেয়াসহ বেতন পরিশোধের পরিকল্পনা রয়েছে।

এর আগে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন।

সরকারের ভাষ্য অনুযায়ী, এক দশকের বেশি সময় ধরে একই বেতন কাঠামো বহাল থাকায় জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই বাস্তবতায় নতুন পে-স্কেল কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবম পে কমিশনের সুপারিশ অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। ২০টি গ্রেড বহাল রেখে বিভিন্ন স্তরে মূল বেতন বৃদ্ধির সুপারিশও করা হয়েছে।

তবে চূড়ান্ত বেতন কাঠামো সরকারের অনুমোদিত গেজেট প্রকাশের পরই নিশ্চিত হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মূল বেতন ও বিভিন্ন ভাতা আলাদা ধাপে বাস্তবায়নের চিন্তা থাকলেও কারিগরি জটিলতা এড়াতে প্রথম ধাপে মূল বেতন সমন্বয়ের দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা পরবর্তী ধাপে সংশোধন হতে পারে।

নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকার প্রায় ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে। এই অর্থ সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সমন্বয়ে ব্যয় হতে পারে।

বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগী রয়েছেন। তাদের বেতন ও পেনশন বাবদ সরকারের বার্ষিক ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।

অর্থনীতিবিদদের মতে, নতুন পে-স্কেল সরকারি চাকরিজীবীদের ক্রয়ক্ষমতা বাড়াবে। তবে বাজার তদারকি ও সরবরাহ ব্যবস্থা শক্তিশালী না হলে মূল্যস্ফীতির ওপর কিছুটা চাপ তৈরি হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে