ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোর ভিত্তি তৈরি হয়েছে: আমির খসরু

২০২৬ জুন ২২ ১০:১৫:৫৯
শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোর ভিত্তি তৈরি হয়েছে: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজার আগামী দুই বছরের মধ্যে পুনরায় শক্ত অবস্থানে ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বাজার তদারকির দায়িত্বে থাকা বিভিন্ন নিয়ন্ত্রক প্রতিষ্ঠানে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্বের বড় বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানও বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছে। এসব ইতিবাচক অগ্রগতির ফলে পুঁজিবাজারে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে তিনি মনে করেন।

সোমবার (২২ জুন) রাজধানীর গ্রিন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের অডিটোরিয়ামে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘সংখ্যার বাইরে, বাংলাদেশের ভবিষ্যৎ গড়া: প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পেপ্যালসহ কয়েকটি বৈশ্বিক প্ল্যাটফর্ম শিগগিরই বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন পেমেন্ট প্ল্যাটফর্মকে বাংলাদেশে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে পেপ্যালসহ আরও কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান দেশে কার্যক্রম চালুর প্রক্রিয়ায় রয়েছে।

তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্টার্টআপ উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কর অব্যাহতির সুবিধা রাখা হয়েছে। একই সঙ্গে বিদেশ থেকে অর্জিত আয় দেশে আনার প্রক্রিয়াও সহজ করা হয়েছে। পাঁচ হাজার ডলার পর্যন্ত অর্থ দেশে আনতে কোনো অতিরিক্ত জটিলতার মুখোমুখি হতে হবে না বলেও জানান তিনি।

ডিজিটাল অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, সরকার বাস্তব অর্থে একটি ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। সরকারি বিভিন্ন সেবা ও কার্যক্রমকে ধাপে ধাপে রিয়েল-টাইম অনলাইন ব্যবস্থার আওতায় আনা হচ্ছে, যাতে নাগরিকদের সরকারি দপ্তরে সরাসরি যেতে না হয় এবং সেবাপ্রাপ্তিতে দুর্নীতি ও ভোগান্তি কমে আসে।

তিনি আরও বলেন, ডিজিটালাইজেশনের বিস্তার ঘটলে কর ফাঁকির সুযোগ কমে যাবে এবং সাধারণ মানুষের জন্য সরকারি সেবা গ্রহণ আরও সহজ হবে। এ লক্ষ্য বাস্তবায়নে শক্তিশালী ইন্টারনেট অবকাঠামো নির্মাণের কাজও এগিয়ে চলছে।

প্রস্তাবিত বাজেটের সামগ্রিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, বিভিন্ন চ্যালেঞ্জ এবং জনগণের উচ্চ প্রত্যাশার মধ্যে স্বল্প সময়ের ব্যবধানে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। সরকারের লক্ষ্য হচ্ছে অর্থনীতির গণতন্ত্রীকরণের মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা।

তিনি বলেন, অতীতে দেশের অর্থনীতি একটি পৃষ্ঠপোষকতানির্ভর কাঠামোর মধ্যে আবদ্ধ ছিল। তবে নতুন অর্থনৈতিক মডেলে সাধারণ জনগণ, ক্ষুদ্র উদ্যোক্তা এবং মূলধারার বাইরে থাকা জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সৃজনশীল অর্থনীতির বিকাশের প্রসঙ্গ উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, কামার, কুমার, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা, বাউলশিল্পী, পালাগান ও থিয়েটার সংশ্লিষ্ট ব্যক্তিদের মূলধারার অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া পূর্বাচলে ১৬০ একর জমির ওপর একটি ‘থিয়েটার ডিস্ট্রিক্ট’ গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে।

সিজিএসের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে অর্থনীতিবিদ সেলিম জাহান, বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ, সিমিন রহমানসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে