ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬

ইসলামী ব্যাংকের সুশাসন ফেরাতে দ্রুত পদক্ষেপের দাবি

২০২৬ জুন ২২ ১৭:১৩:০৩
ইসলামী ব্যাংকের সুশাসন ফেরাতে দ্রুত পদক্ষেপের দাবি

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৎ, যোগ্য এবং ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের আলটিমেটাম দিয়েছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’।

সোমবার (২২ জুন) সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি নুর-উন-নবি মানিক। সাত দফা দাবিকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নারী ও পুরুষ গ্রাহক অংশ নেন। এ সময় তারা ব্যাংকটির শৃঙ্খলা ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে কয়েকশ গ্রাহক জড়ো হন। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে তারা মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে গিয়ে অবস্থান নেন।

আন্দোলনকারীদের দাবি, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করতে হবে এমন ব্যক্তিদের দিয়ে, যারা সৎ, দক্ষ এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা রাখেন।

সমাবেশে নুর-উন-নবি মানিক বলেন, অতীতে নিয়মবহির্ভূতভাবে নিয়োগপ্রাপ্ত কিংবা বিভিন্ন ধরনের অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের কোনোভাবেই ব্যাংকে পুনর্বহাল করা উচিত নয়। একই সঙ্গে আমানতকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংককে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অন্যদিকে গ্রাহকদের উত্থাপিত দাবির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, অচিরেই পেশাদার, সৎ ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের জন্য একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠন করা হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে