ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬

তালিকাচ্যুতির ঝুঁকি এড়াতে বিএসইসির দ্বারস্থ বেক্সিমকো ফার্মা, মিললো অনুমোদন

২০২৬ জুন ২২ ১৭:০৫:৫৬
তালিকাচ্যুতির ঝুঁকি এড়াতে বিএসইসির দ্বারস্থ বেক্সিমকো ফার্মা, মিললো অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাচ্যুতির ঝুঁকি তৈরি হওয়ায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ সভা আয়োজনের জন্য বিশেষ অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে কোম্পানিটি দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে আর্থিক প্রতিবেদন প্রকাশ এবং সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করার সুযোগ পাচ্ছে।

রোববার (২১ জুন) বিএসইসি থেকে এ বিশেষ অনুমোদন দেওয়া হয়েছে বলে সোমবার (২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী মঙ্গলবার (২৩ জুন) বিকেলে পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

কোম্পানিটির এ সভায় ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিক অর্থাৎ ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সময়ের আর্থিক প্রতিবেদনও পর্যালোচনা করা হবে। এসব আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নিতে পারবে।

জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে না পারায় লন্ডন স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির তালিকাভুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ইতোমধ্যে গত ২ জানুয়ারি থেকে লন্ডন স্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেট (এআইএম)-এ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের গ্লোবাল ডিপোজিটারি রিসিপ্টস (জিডিআর) লেনদেন স্থগিত রয়েছে।

এআইএমের প্রচলিত বিধান অনুযায়ী, কোনো সিকিউরিটিজের লেনদেন টানা ছয় মাস বন্ধ থাকলে সেটির তালিকাভুক্তি বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হয়। এ অবস্থায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের লন্ডন-তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগকারী ছয়টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সম্প্রতি বিএসইসির চেয়ারম্যানের কাছে চিঠি দিয়ে বিশেষ ব্যবস্থার মাধ্যমে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আয়োজন এবং বকেয়া আর্থিক প্রতিবেদন অনুমোদনের সুযোগ দেওয়ার অনুরোধ জানায়।

এর পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কোম্পানিটিকে বিশেষ অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর প্রকাশিত এক ঘোষণায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস জানিয়েছিল, এআইএম রুল-১৯ অনুযায়ী ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক হিসাব নির্ধারিত সময়সীমা অর্থাৎ ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এ কারণে বিধি অনুযায়ী চলতি বছরের ২ জানুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে লন্ডনের বাজারে কোম্পানিটির জিডিআর লেনদেন স্থগিত করা হয়।

সেই ঘোষণার পর থেকে এখনো লন্ডনের শেয়ারবাজারে কোম্পানিটির জিডিআর লেনদেন বন্ধ রয়েছে। এআইএম রুলস ফর কোম্পানিজের ১৯ ধারা অনুযায়ী, তালিকাভুক্ত কোনো কোম্পানিকে অর্থবছর শেষ হওয়ার ছয় মাসের মধ্যে নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন ও হিসাব প্রকাশ করতে হয়।

অন্যদিকে, ৪১ ধারা অনুযায়ী কোনো সিকিউরিটিজ টানা ছয় মাস স্থগিত অবস্থায় থাকলে এবং স্থগিতাদেশের কারণ দূর না হলে সাধারণত লন্ডন স্টক এক্সচেঞ্জ সংশ্লিষ্ট সিকিউরিটিজের লেনদেনের অনুমোদন বাতিল করে দেয়।

আগামী ২ জুলাই এই ছয় মাসের সময়সীমা শেষ হবে। তবে সময়সীমা শেষ হওয়ার আগেই বিএসইসির কাছ থেকে পরিচালনা পর্ষদ সভা আয়োজনের অনুমতি পাওয়ায় এবং কোম্পানির পক্ষ থেকে সভার তারিখ ঘোষণা করায় তালিকাচ্যুতির আশঙ্কা অনেকটাই কমেছে। এখন কোনো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি না হলে মঙ্গলবার কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে এবং সেখানে আর্থিক প্রতিবেদন প্রকাশের পাশাপাশি ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এ বিষয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, বিএসইসির বিশেষ অনুমোদনের ভিত্তিতে ২৩ জুন পরিচালনা পর্ষদের সভার ব্যবস্থা করা হয়েছে। ওই সভায় চলতি বছরের মার্চ পর্যন্ত বকেয়া সব প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। একই সঙ্গে ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণার বিষয়টিও বিবেচনায় নেওয়া হতে পারে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে