ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬

বাজার কারসাজি প্রতিরোধ ও সার্ভেইল্যান্স আধুনিকায়নে বিএসইসি-ডিএসই বৈঠক

২০২৬ জুন ২১ ১৯:০৯:১৩
বাজার কারসাজি প্রতিরোধ ও সার্ভেইল্যান্স আধুনিকায়নে বিএসইসি-ডিএসই বৈঠক

নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে স্বচ্ছতা বৃদ্ধি, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজার কারসাজি প্রতিরোধে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির সার্ভেইল্যান্স টিমের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বৈঠকে বিএসইসির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তানভীর হাবিব রহমান, সিপিএ, কমিশনার নাহিদ মাহতাব, কমিশনার মো. নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম, বিএসইসির নির্বাহী পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির পক্ষে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং চিফ রেগুলেটরি অফিসারের (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া বৈঠকে অংশ নেন।

আলোচনায় দেশের শেয়ারবাজারের উন্নয়ন ও আধুনিকায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে উঠে আসে। একই সঙ্গে বাজারের স্বচ্ছতা বজায় রাখা, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত করা এবং যেকোনো ধরনের অনিয়ম ও কারসাজি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

বৈঠকে সাম্প্রতিক সময়ে বাজার কারসাজি প্রতিরোধে ডিএসই যে বিভিন্ন ব্যবস্থা ও উদ্যোগ গ্রহণ করেছে, সেগুলোর বিষয়েও বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় বিএসইসির পক্ষ থেকে জানানো হয়, একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও কার্যকর শেয়ারবাজার প্রতিষ্ঠায় কমিশন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়া, সব ধরনের বাজার কারসাজি মোকাবিলায় আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন অনুসরণ করে স্টক এক্সচেঞ্জের রিয়েল-টাইম সার্ভেইল্যান্স ব্যবস্থা শক্তিশালী করা এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণের বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করা হয়।

একই সঙ্গে দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে বিদ্যমান সার্ভেইল্যান্স সিস্টেমের উন্নয়ন ও আধুনিকায়নের বিভিন্ন দিক নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে